বিশ্বসেরা হওয়ার পথে রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের প্রথম গোলটা করার পর রামোস। পরশু ক্রুজ আজুলের জালে আরও ৩ গোল দিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল l এএফপি
রিয়াল মাদ্রিদের প্রথম গোলটা করার পর রামোস। পরশু ক্রুজ আজুলের জালে আরও ৩ গোল দিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল l এএফপি

একের পর এক জয়, গোলের বন্যা বইয়ে দেওয়া। এসব এতই সাধারণ ব্যাপার হয়ে গেছে রিয়াল মাদ্রিদের জন্য যে এখন খেলোয়াড়েরা অন্য কিছু করার চেষ্টা করছেন! কী রকম? ক্রুজ আজুলের সঙ্গে পরশু ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে যেমন ক্রিস্টিয়ানো রোনালদো আচমকা একটা ‘র্যাবোনা শট’ নেওয়ার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত তাঁর গোলটা হয়ে গেলে দারুণ ব্যাপার হতো। হয়নি। কিন্তু তাতে প্রতিপক্ষকে গোলে ডুবিয়ে জিততে রিয়ালের কষ্ট হয়নি একটুও। এবার ব্যবধান ৪-০, তবে বিস্ময়করভাবে স্কোরশিটে রোনালদোর নাম নেই! ক্রুজ আজুলের বিপক্ষে গোল চারটি করেছেন সার্জিও রামোস, করিম বেনজেমা, গ্যারেথ বেল ও ইসকো।
দুদিন আগেই রাশিয়ার ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো এই রিয়ালের উচ্ছ্বসিত প্রশংসা করে তাদের বলেছেন ‘অন্য গ্রহের দল’। এই মুহূর্তে কার্লো আনচেলত্তির দলটা যে তাঁর চোখে বিশ্বসেরা সেটাও জানিয়ে দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে বিশ্বসেরার স্বীকৃতি থেকে সম্ভবত আর মাত্র ৯০ মিনিট দূরে রিয়াল মাদ্রিদ। শনিবার মারাকেশ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ কোন দল সেটাও এতক্ষণে জানা হয়ে গেছে পাঠকের। গতরাতেই হয়ে গেছে সান লরেঞ্জো ও অকল্যান্ড সিটির মধ্যে দ্বিতীয় সেমিফাইনালটি। প্রতিপক্ষ যে-ই হোক, রোনালদো-বেল-রদ্রিগেজদের সামনে ভেসে যাওয়াটাই তাদের নিয়তি বলে ধরে নেওয়া যায়। বাকি দলগুলোর সঙ্গে রিয়ালের ব্যবধান কতটা সেটা বোঝা যাবে সেমিফাইনালে হারা ক্রুজ আজুল কোচ লুইস ফার্নান্দো তেনার কথা শুনলেই, ‘এই ম্যাচ কতটা কঠিন হবে সেটা আমাদের জানাই ছিল। তবু আমার খেলোয়াড়েরা সর্বস্ব দিয়ে লড়েছে। কিন্তু রিয়াল কত ভালো সেটা তো ম্যাচের ফল দেখেই বুঝতে পারছেন।’
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য জয়টাকে অনায়াস বলতে রাজি নন। প্রথমার্ধের শেষ দিকে একটা পেনাল্টি পেয়েছিল ক্রুজ আজুল। কিন্তু মেক্সিকান মিডফিল্ডার জেরার্ডো তোরাদোর শটটা ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ওই গোলটা হয়ে গেলে ম্যাচ অন্যদিকে মোড় নিতে পারত বলেও মনে করেন আনচেলত্তি, ‘ক্যাসিয়াস দারুণ সেভ করেছে। আমরা তখন ২ গোলে এগিয়ে ছিলাম সত্যি, কিন্তু ওই গোলটা হলে ম্যাচ উন্মুক্ত হয়ে যেত।’
গোল না পেলেও দারুণ খেলেছেন রোনালদো। বেল আর ইসকোর গোল দুটি তাঁরই বানিয়ে দেওয়া। তার পরও যাঁরা কিছুটা হতাশ তাঁদের আশ্বস্ত করেছেন আনচেলত্তি, ‘ও (রোনালদো) ফাইনালের জন্য গোল জমিয়ে রাখছে।’ এএফপি, রয়টার্স।