বিশ্বসেরা হবেন জেসুস!

একটা সময় ছিল আর্জেন্টিনার প্রতিভাবান যেকোনো ফুটবলারের গায়ে সেঁটে যেত ‘নতুন ম্যারাডোনা’ তকমা। এই রেওয়াজ গত হয়েছে অনেক দিন হলো। শুধু আর্জেন্টিনাতেই নয়, এখন বিশ্ব ফুটবলেই উঠতি কোনো তারকা এলে শোরগোল ওঠে তিনি ‘মেসি’ হতে পারবেন কি না। ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো এমন সম্ভাবনা দেখছেন স্বদেশি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের মধ্যে। বিশ্বসেরা ফুটবলারের মুকুট একদিন তাঁর মাথায়ই শোভা পাবে বলে বিশ্বাস রোনালদিনহোর।
জেসুসের ফুটবলে হাতেখড়ি ব্রাজিলের ক্লাব আনহানগুয়েরাতে। ক্লাবটির যুব প্রকল্পে দুই বছর কাটানোর সময় পালমেইরাসের স্কাউটদের নজরে আসেন। ২০১৩ সালে পালমেইরাসের সঙ্গে চুক্তি করেন। প্রথম বছরেই ৪৮ ম্যাচে ৫৪ গোল করে বুঝিয়ে দেন ঠিক জহরই বেছে নিয়েছেন পালমেইরাসের জহুরিরা। যুব প্রকল্পে ভালো খেলে ২০১৫ সালে জায়গা করে নেন মূল দলে। জেসুস ধারাবাহিক পারফর্ম করেন সেখানেও। এই কারণেই দুঙ্গা তাঁর কোপা আমেরিকার শতবর্ষী আসরের ৪০ জনের প্রাথমিক দলে রাখেন তাঁকে। ডগলাস কস্তা চোটে পড়ায় চূড়ান্ত দলেও জায়গা পেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় সেবার ব্রাজিল দলে খেলা হয়নি জেসুসের।
জেসুস-জাদু দেখতে অবশ্য বিশ্বজোড়া ফুটবল রোমান্টিকদের খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২০১৬ অলিম্পিক দিয়েই বিশ্বমঞ্চে আবির্ভূত হন তিনি। আক্রমণভাগে নেইমারের সঙ্গে জুটি বেঁধে ব্রাজিলকে এনে দেন তাদের ইতিহাসে প্রথম অলিম্পিক ফুটবলের সোনা। এর পর তিতের ব্রাজিল দলেও জায়গা করে নেন। বিখ্যাত হলুদ জার্সিতে ৬টি ম্যাচ খেলে করেছেন ৪টি গোল।
পালমেইরাস ও ব্রাজিলের হয়ে অসাধারণ খেলা জেসুসকে দলে টানতে লড়াই শুরু করে দেয় ইউরোপের বড় ক্লাবগুলো। সেই লড়াই শেষ পর্যন্ত জেতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। ২ কোটি ৭০ লাখ পাউন্ডের বিনিময়ে তাঁকে দলে টেনে নেয় পেপ গার্দিওলার সিটি। লিগে এরই মধ্যে চার ম্যাচ খেলে তাঁর গোল ৩টি। শুধু গোল করার জন্যই নয়, দারুণ ড্রিবলিং আর বল নিয়ে অসাধারণ সব কারিকুরি করেও ফুটবল রোমাঞ্চপিয়াসীদের নজর কেড়েছেন। চারদিকে চলছে জেসুসের প্রশংসাগীত।
১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে প্রশংসার ঝাঁপি খুলে দিয়েছেন বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোও। ইংল্যান্ডের পত্রিকা দ্য মিররকে সাবেক এই প্লে-মেকার যা বলেছেন তার অর্থ দাঁড়ায়—সিটির ভাগ্য যে জেসুসের মতো একজনকে তারা পেয়েছে, ‘ভবিষ্যতে হয়তো ও বিশ্বের সেরা খেলোয়াড় হবে। বিশ্বের সেরা খেলোয়াড় এখন মেসি। আমি সব সময়ই বলে এসেছি, একদিন নেইমার হবে বিশ্বসেরা। গ্যাব্রিয়েলের বয়স এখন ১৯ বছর। (নেইমারের পর) একদিন ও-ই হবে বিশ্বসেরা। বিশ্বসেরা হওয়ার সব যোগ্যতাই ওর আছে।’
রোনালদিনহোর ভবিষ্যদ্বাণী সত্যি হলে পেলে, রোমারিও, রোনালদো, নেইমারের পর আরেকজন জাদুকরি ফরোয়ার্ড পেতে যাচ্ছে ব্রাজিল। সূত্র: মেইল অনলাইন।