বিশ্বাস ছিল হৃদয়ে
সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ করে মাথা নিচু করে প্রেসবক্স ছাড়ছিলেন ভারতের কোচ বিতান সিং ও অধিনায়ক প্রবসুখান সিং। সিঁড়ির গোড়াতেই দেখা হয়ে গেল বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেনের সঙ্গে। হাত মিলিয়ে প্রবসুখান বলল, ‘অভিনন্দন’।
শুধু ভারত অধিনায়কই নয়, কাল তো সারা বাংলাদেশই পরোক্ষে অভিনন্দন জানিয়েছে শাওনদের। স্বপ্নের মতো একটা টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই ঢাকায় ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।
বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে তা নাকি আগেই জানত শাওন, ‘প্রথম থেকেই বলে এসেছি এই টুর্নামেন্টে আমরাই চ্যাম্পিয়ন হব। শুধু প্রতিটি ম্যাচ ধরে ধরে এগিয়েছি এবং এতেই সফল হয়েছি।’
মাত্র অল্প কদিনের অনুশীলনের পরও দক্ষিণ এশিয়ার কিশোরদের টুর্নামেন্টে শ্রেষ্ঠত্বের পতাকা এখন বাংলাদেশের হাতে। গর্বিত কোচ গোলাম জিলানি নিজের কোচিং ক্যারিয়ারেই বাঁকবদলের সন্ধিক্ষণ বললেন এটিকে, ‘সেইলর বাফুফে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট থেকে বাছাই করা এই ছেলেদের নিয়ে খুব বেশি সময় পাইনি অনুশীলনের। তারপরও ওরা আমাদের পুরো কোচিং স্টাফের কথা মনোযোগ দিয়ে শুনেছে। এই জয়ের পুরো কৃতিত্ব ছেলেদের। আমার কোচিং ক্যারিয়ারেও একটা টার্নিং পয়েন্ট এই টুর্নামেন্ট।’
বাংলাদেশ দলের স্ট্রাইকার নিপু কাল খেলতে পারেনি দুই হলুদ কার্ডের জন্য। তারপরও আগের তিন ম্যাচের বিবেচনায় হয়েছে টুর্নামেন্ট সেরা। খেলতে পারেনি বলে একটু কষ্ট তো আছেই। তবে দল চ্যাম্পিয়ন হওয়ায় তা কখন যে মুছে গেছে টেরই পায়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথমে তো কোনো কথাই বলতে পারছিল না। টাইব্রেকারে ম্যাচ গড়ানোয় একটু ভয়ই পেয়েছিল, ‘টাইব্রেকারে যাওয়ার পর একটু ঘাবড়ে গিয়েছিলাম। আমাদের তিনটি শট জালে ঢোকার পর শতভাগ নিশ্চিত হয়ে যাই আমরাই জিতব।’ টাইব্রেকার নেওয়া চার কিশোরই বাফুফে একাডেমির। তাই কোচেরও আস্থা ছিল ওদের ওপর। সেই আস্থার প্রতিদান ভালোই দিয়েছে ফুটবলাররা।
ভারতের কোচ বিতান সিং দুর্ভাগাই বললেন নিজেদের। তবে প্রশংসা করেছেন বাংলাদেশ দলের, ‘আসলে আমাদের দুর্ভাগ্য যে ম্যাচটা জিততে পারলাম না। এখানে ঘরের মাঠে, ঘরের দর্শকের সামনে একটু হলেও ঘাবড়ে গিয়েছিল আমাদের ছেলেরা। তবে এটা সত্যি, বাংলাদেশ খুবই শক্তিশালী দল, ওরা চমৎকার ফুটবল খেলেছে।’
ছেলের খেলা দেখতে কাল নারায়ণগঞ্জ থেকে ছুটে এসেছিলেন অধিনায়ক শাওনের বাবা জহিরুল ইসলাম। ম্যাচ শেষ হতেই মাঠে গিয়ে জড়িয়ে ধরেন ছেলেকে। আবেগে কাঁদতে শুরু করেন বাবা-ছেলে। স্বপ্নের ট্রফিটা ছেলের হাতে উঠেছে, এখন তো সুখের কান্নাই কাঁদবেন তিনি।