বিশ্বাসে মিলায় বস্তু...

ম্যাচের বয়স তখন ৮৭ মিনিট। স্কোরলাইন—বার্সেলোনা ৩: ১ পিএসজি। শেষ আটে উঠতে হলে আরও ৩ গোল করতে হবে বার্সাকে। খাওয়া যাবে না গোল। ন্যু ক্যাম্পের প্রায় এক লাখ দর্শকের কেউ তখনো আসন ছেড়ে ওঠেনি। বার্সার সমর্থকেরা ওঠেননি কেন? তাঁদের যে বিশ্বাস ছিল, বার্সেলোনা পারবে।
বার্সার খেলোয়াড়েরাও হাল ছেড়ে দেননি। বাঁ প্রান্ত দিয়ে নেইমার তখনো পিএসজির রক্ষণ ছিন্নভিন্ন করে দিয়ে দলকে জয় এনে দিতে মরিয়া চেষ্টা করে যাচ্ছিলেন। গা ছেড়ে না দিয়ে লড়াই করছিলেন লিওনেল মেসি-সার্জি রবার্তোরা। কেন? তাঁদের যে বিশ্বাস ছিল, সব বাধা পেছনে ফেলে দলকে শেষ আটে নিয়ে যেতে পারবেন।
বিশ্বাসে মিলায় বস্তু...। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ‘কামব্যাক’-এর কাব্য লেখার পর সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ লুইস এনরিকে যা বললেন তার সারমর্মও এ রকমই। নির্ধারিত সময়ের শেষ দুই মিনিট আর যোগ করা সময়ের পাঁচ মিনিট—এই সাত মিনিটে বার্সা-পিএসজি ম্যাচে যা হলো, সেটা ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। যেন নিপুণ কোনো চিত্রনাট্যকার দারুণ রোমাঞ্চ ঢেলে সাজিয়েছেন পাণ্ডুলিপি।
শেষ ৭ মিনিটে ৩ গোল করে পিএসজির স্বপ্ন গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া! নাহ, এনরিকেও একে ফুটবলীয় কোনো সংজ্ঞায় বাঁধতে পারলেন না, ‘এটা রোমাঞ্চকর কোনো নাটকের চেয়েও বেশি কিছু। এমন অভিজ্ঞতা এর আগে আমার কখনো হয়নি। এটা ভাষায় প্রকাশ করা কঠিন। ন্যু ক্যাম্পে আজ যে শিশুটিও খেলা দেখেছে, সেও এটা জীবনে ভুলবে না।’ ফুটবল-বিশ্ব এই ম্যাচের সঙ্গে একটাই বিশেষণ জুড়ে দিতে আগ্রহী—অলৌকিক। তবে এনরিকে বললেন, ‘এই রাতকে একটা শব্দেই বোঝানো যায়, সেটা—বিশ্বাস। সর্বোপরি এটা বিশ্বাসের জয়। খেলোয়াড়দের যে বিশ্বাস ছিল, সমর্থকদের যে বিশ্বাস ছিল, তারই জয় হয়েছে।’ পিএসজির কোচ উনাই এমেরে অবশ্য বিষয়টিকে এভাবে দেখেন না। এভাবে হেরে যাওয়ার পেছনে রেফারির ভুলকেই দেখছেন তিনি, ‘রেফারি তাদের দুটি পেনাল্টি দিয়েছে। আর আমাদের পেনাল্টি দেয়নি। এগুলোই প্রভাব ফেলেছে।’
হয়তো ফুটবল-দেবতাই চেয়েছিলেন, রূপকথা রচনা করে শেষ আটে উঠুক বার্সা। শুধু কি ফুটবল-দেবতাই? পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের হ্যাটট্রিকে বেনফিকাকে ৪-০ গোলে হারিয়ে ড্রেসিংরুমে গিয়ে টিভিতে বার্সার খেলা দেখা ডর্টমুন্ডের কোচ-খেলোয়াড়েরাও। সেই সময় তাঁদের অনুভূতি কেমন হয়েছিল, শোনা যাক ডর্টমুন্ড কোচ টমাস টুখেলের কণ্ঠে, ‘যদ্দূর মনে পড়ে দুই মিনিট বাকি থাকতে ম্যাচের স্কোরলাইন ছিল ৪-১। আমরা সবাই উঠে দাঁড়ালাম। যেন এর সঙ্গে আমরা জড়িত। যে-ই এসে খেলা দেখছিল, সে-ও চাচ্ছিল বার্সেলোনা আরেকটা গোল করুক।’ গার্ডিয়ান, ফোরফোর টু।