বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারের এ কী হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে দম আটকে আসছে তেভেজের! ছবি: এএফপি।
চীনে দম আটকে আসছে তেভেজের! ছবি: এএফপি।

চীনেও থিতু হতে পারলেন না কার্লোস তেভেজ। ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই আর্জেন্টাইন ফরোয়ার্ড পেশির ইনজুরির চিকিৎসার লক্ষ্যে এই সপ্তাহে বুয়েনস এইরেসে গিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি আর চীনে ফিরতে আগ্রহী নন।
তবে চাইনিজ সুপার লিগ ক্লাব সাংহাই শেনহুয়া এএফপিকে জানিয়েছে, চিকিৎসা শেষে এ মাসেই চীনে ফেরার কথা এই আর্জেন্টাইনের।
২০১৭ সালে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স থেকে ৭ লাখ ৩০ হাজার ইউরো বেতনে সাংহাই শেনহুয়ায় খেলতে এসেছিলেন ‘এল অ্যাপাচি’। চীনের বসবাস সুখকর ছিল না মোটেই। মৌসুমের অর্ধেক ম্যাচই বাইরে ছিলেন ইনজুরি নিয়ে। ১২ ম্যাচ খেলে গোল করেছেন মোটে ২টি। স্বাভাবিকভাবেই খেপেছেন সাংহাই সমর্থকেরা। তেভেজ যা বেতন পান, মেসি-রোনালদোও কেবল ঈর্ষা করতে পারেন। এত বেতন দিয়েও লাভ হচ্ছে কী!
দর্শকেরা তাই নাম দিয়েছে ‘ঘর কাঁদুনে ছোকরা’। চীনের টুইটার ওয়েইবোতে একের পর এক টুইট করা হচ্ছে গালাগাল দিয়ে। একজন তো লিখেছেন, ‘তার আর ফিরে আসার দরকার নেই। লাগেজগুলো আমি কুরিয়ার কোম্পানিকে দিয়ে আসব।’
রবার্তো মানচিনির সময় ম্যানচেস্টার সিটিতে যখন খেলতেন, তখনো ঘরের জন্য মন কাঁদত তেভেজের। ইংল্যান্ড ভালো লাগেনি, ইতালিতে গিয়েও মন টেকেনি। পরে দেশে ফেরেন। সেখান থেকে চীনে। এখন তো মনে হচ্ছে, চীনেও থিতু হতে রাজি নন তেভেজ। তা বেতন যত প্রলোভন দেখাক না কেন! সূত্র: এএফপি।