বিশ্রাম নেবেন না মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফায় টিকেছিলেন তিন মৌসুম। দ্বিতীয় দফায় দুই মৌসুম পরেই বিদায় নিতে হলো। চেলসিকে হোসে মরিনহো অনেক কিছুই দিয়েছেন, আবার এই ক্লাবটিই বারবার ভেঙে দিয়েছে তাঁর হৃদয়। আবার বিদায়ের পর চেলসি এক বিবৃতিতে জানিয়েছিল, ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে মরিনহো বিদায় নিয়েছেন। কিন্তু কাল এক বিবৃতিতে মরিনহো নিজেই জানিয়েছেন, চেলসি থেকে তাঁকে ছাঁটাই করা হয়েছে। তবে আপাতত লম্বা সময়ের জন্য বিরতি নেওয়ার কোনো ভাবনা নেই বলেও নিশ্চিত করেছেন।
পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ—মরিনহোর ঝুলিতে অনেক গল্পই জমা হয়ে গেছে। দ্বিতীয় দফা বিদায়ের পর এই পর্তুগিজ কোচের মুখ খোলার অপেক্ষাতেই ছিল ফুটবল-বিশ্ব। সরাসরি কিছু বলেননি, তবে কাল নিজের এজেন্সির মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চেলসি থেকে চলে যাওয়ার বেদনাটা যেন সন্তর্পণে শোনা গেল, ‘ক্যারিয়ারে হোসে বেশ কয়েকবার নিজ থেকেই ক্লাব ছেড়েছেন। কিন্তু শুধু চেলসিতেই সেই সিদ্ধান্তটা ক্লাব নিয়েছে।’
আগেরবার চেলসি ছাড়ার পর যেমন ইন্টারের হয়ে নিজেকে চিনিয়েছিলেন, এবারও সে রকম কিছুই ভাবছেন মরিনহো, ‘চেলসিতে আরও একটা চক্র শেষ হয়েছে, সামনে নতুন সুযোগ। হোসে আশা করছেন ২০০৭ সালে ক্লাব ছাড়ার পর যেমন সাফল্য পেয়েছিলেন, এবারও তার পুনরাবৃত্তি হবে।’
কিন্তু আপাতত ডাগ-আউটের অন্তহীন চাপ থেকে কিছুদিন দূরে থাকবেন? পেপ গার্দিওলা যেমন এক বছর বিরতি নিয়েছিলেন, এ মুহূর্তে কার্লো আনচেলত্তিও আছেন বিশ্রামে। মরিনহোর কিন্তু সে রকম কোনো ইচ্ছা নেই, ‘তিনি কোনো বিরতি নেবেন না, একদমই ক্লান্তও নন। তাঁর বিশ্রাম দরকার নেই। খুবই চাঙা আছেন, সামনের চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করছেন।’ আপাতত পরিবারসহ লন্ডনেই থাকার পরিকল্পনা মরিনহোর। প্রিমিয়ার লিগের ম্যাচেও তাঁকে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন, ‘তিনি ফুটবল ভালোবাসেন। তাঁকে তাই মাঠে কাজ করতে বা সমর্থন দিতেও দেখা যেতে পারে। অবশ্য কোনো বড় কোনো ম্যাচ তিনি দেখবেন না। ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত দিতে চান না।’
কিন্তু এর মধ্যেই সেই ইঙ্গিত কিছুটা মিলেছে। ইএসপিএন জানিয়েছেন, মরিনহো ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার ব্যাপারেই বেশি আগ্রহী। এর মধ্যে ইউনাইটেডের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলেও গুঞ্জন। ইউনাইটেডের এখনকার কোচ লুই ফন গাল নিজেও এই মুহূর্তে বেশ চাপে আছেন। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে দল। এ রকম চললে মরিনহোর ভাগ্য তাঁকেও বরণ করতে হতে পারে সেটা ফন গাল নিজেই স্বীকার করেছেন। সে রকম হলে কে জানে, মরিনহোকে হয়তো ওল্ড ট্রাফোর্ডের ডাগ-আউটেই দেখা যাবে! এএফপি, ইএসপিএন।