রবার্ট এনকের কথা মনে আছে? ছয় বছর আগে জার্মান গোলরক্ষক ঝাঁপ দিয়েছিলেন ট্রেনের নিচে। বিষণ্নতার ক্যানসার কখন তাঁকে গ্রাস করে ফেলেছে, এনকের খুব কাছের মানুষেরাও সেটি টের পায়নি। ফুটবলারদের চাকচিক্যময় জীবনের নিচে চাপা পড়ে থাকা অন্ধকার অধ্যায়টা সেই ঘটনার পর সামনে চলে এসেছিল। এখন দেখা যাচ্ছে, বিষণ্নতা আরও প্রকটভাবে দানা বাঁধছে ফুটবলারদের মধ্যে। পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো বলছে, এই সময়ের এক-তৃতীয়াংশ ফুটবলারই মানসিক সমস্যায় ভুগছেন।
বিষণ্নতা বা হতাশা এই যুগে খুবই সাধারণ। কিন্তু সাধারণ মানুষের চেয়ে ফুটবলাররাই যেন সেটির বেশি শিকার হচ্ছেন। ফিফপ্রো ৬০৭ জন বর্তমান ও ২১৯ জন সাবেক ফুটবলারের মধ্যে একটা জরিপ চালিয়েছে। সেখানে দেখা গেছে, বর্তমান খেলোয়াড়দের ৩৮ শতাংশ ও সাবেকদের মধ্যে ৩৬ শতাংশ বিষণ্নতা ও উদ্বেগে ভুগছেন। ফিফপ্রোর প্রধান চিকিৎসক ভিনসেন্ট গুটবার্গ জানিয়েছেন, যেসব খেলোয়াড় অন্তত তিনবার বড় ধরনের চোটে পড়েছেন, তাঁদের ক্ষেত্রে মানসিক সমস্যার হার দুই থেকে চার গুণ পর্যন্ত বেশি।
বেলজিয়াম, চিলি, ফিনল্যান্ড, ফ্রান্স, জাপান, নরওয়ে, প্যারাগুয়ে, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডের পেশাদার ফুটবলারদের মধ্যে এই জরিপ চালানো হয়েছে। এর মধ্যে ৫৫ শতাংশ ফুটবলারই শীর্ষ পর্যায়ে খেলেছেন, অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে এই হার ৬৪ শতাংশ। নিদ্রাহীনতায়ও ভুগছেন অনেকে, বর্তমান ও সাবেকদের ক্ষেত্রে এই হার যথাক্রমে ২৩ ও ২৮ শতাংশ। আর অ্যালকোহলজনিত সমস্যা বর্তমানদের মধ্যে ৯ শতাংশ, সাবেকদের ক্ষেত্রে সেটি ২৫ শতাংশ।
গত বছরও ফিফপ্রো ছোট আকারে একটা জরিপ করেছিল। সেখানে দেখা গেছে, বর্তমান খেলোয়াড়দের মধ্যে ২৬ শতাংশ মানসিক সমস্যায় আক্রান্ত। আর সাবেকদের ক্ষেত্রে এই হার ৩৯ শতাংশ। ২০১১ সালে এক জরিপে জানা গিয়েছিল, গড়পড়তা মানুষের ক্ষেত্রে বিষণ্নতার হার ১২ শতাংশ। বোঝাই যাচ্ছে, ফুটবলারদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি প্রকট। সবচেয়ে বড় অশনিসংকেত, সমস্যাটা দিন দিন বাড়ছেই। এএফপি।