বিসিবি একাডেমিতে করোনা, অনুশীলন করেননি সাইফউদ্দিন-নাঈম
বিসিবির একাডেমিতে একজন স্টাফের কোভিড-১৯ পজিটিভ আসায় অনুশীলন করেননি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে থাকা দুই খেলোয়াড়—মোহাম্মদ নাঈম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তবে এ দুজন ক্রিকেটারের কোভিড-১৯ টেস্টে নেগেটিভ এসেছে। যদিও সতর্কতা হিসেবে আরও একবার টেস্ট করানো হবে তাঁদের।
জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণের জন্য ঘোষিত স্কোয়াডে যাঁরা টেস্ট দলে আছেন, তাঁরা গেছেন আরও আগেই। এরপর পর্যায়ক্রমে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল যাবে। দেশে কঠোর লকডাউনের মধ্যেই আজ শুরু হয়েছে ওয়ানডে দলে থাকা খেলোয়াড়দের অনুশীলন।
তবে মিরপুরের অনুশীলনে সব মিলিয়ে তিন খেলোয়াড় ছিলেন না অনুশীলনে—নাঈম, সাইফউদ্দিনের সঙ্গে মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর অনুশীলনে আসেননি জৈব সুরক্ষাবলয়ে দীর্ঘদিন থাকায় অবসন্নতার কারণে। নাঈম, সাইফউদ্দিনের কারণ ভিন্ন।
জিম্বাবুয়ে যাওয়ার আগে বিসিবির একাডেমিতে আছেন তাঁরা। সেখানেই ক্যাটারিং সার্ভিসে কাজ করা একজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী প্রথম আলোকে বলেছেন, আপাতত কোনো ‘অসুবিধা’ নেই সাইফউদ্দিনদের, ‘সবার টেস্ট করিয়েছি, সবারই নেগেটিভ। যাঁর পজিটিভ এসেছে, তিনি ক্যাটারিং স্টাফ। ক্রিকেটারদের কোনো অসুবিধা নেই। ওরা দুজন শুধু অনুশীলন করেনি, তবে অন্যরা করেছে। তাদের প্রথম টেস্টে নেগেটিভ এসেছে, সতর্কতা হিসেবে আরেকটা টেস্ট করা হবে।’
জিম্বাবুয়ে সফর থেকে ফিরে সরাসরি ক্রিকেটাররা ঢুকবেন অস্ট্রেলিয়া সিরিজের জৈব সুরক্ষাবলয়ে। এ কারণেই একটু বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি, জানিয়েছেন দেবাশীষ। এ তিনজন ছাড়া মিরপুরে এদিন অনুশীলন করেছেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন। স্থানীয় কোচ সোহেল ইসলাম, তালহা জুবায়ের ও মিজানুর রহমান বাবুলের অধীনে অনুশীলন করেছেন তারা।
অনুশীলন শেষে রুবেল জানিয়েছেন, জিম্বাবুয়ের কন্ডিশন পেসারদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, ‘এ রকম ঠান্ডা কন্ডিশনে আমরা অনেক সফর করেছি, (তবে) পেস বোলারদের জন্য একটু চ্যালেঞ্জিং। অবশ্য পেস বোলারদের অনেক বড় ভূমিকা রাখতে হবে জিম্বাবুয়ে সিরিজে। পেসাররা যদি দলের পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব নিয়ে বোলিং করতে পারি, তাহলে ইনশা আল্লাহ আমার মনে হয় পেসাররা অনেক সফল হবে।’
রুবেল আপাতত ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই বাংলাদেশের বেশি সম্ভাবনা দেখছেন। তবে টেস্টেও আশা করছেন ইতিবাচক ফল, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে (মনে হয়), কয়েক বছর ধরে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, তাই ওয়ানডেতে আমাদের খুবই ভালো সম্ভাবনা আছে। টি–টোয়েন্টিতেও আমাদের যে দল—আমার কাছে মনে হয় ওয়ানডে ও টি–টোয়েন্টিতে যথেষ্ট সম্ভাবনা আছে। আর টেস্টের কথা যদি বলেন, তাদের ঘরের মাঠের কন্ডিশনে খেলা, আমরা যদি আমাদের দায়িত্ব অনুযায়ী ভালো খেলতে পারি, তাহলে টেস্টেও ইতিবাচক কিছু আশা করতে পারি।’