বিসিবির দুয়ারে ব্রাদার্স খেলোয়াড়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৃশ্যটা দেখা গিয়েছিল গত ঈদের আগেও। পাওনা টাকার দাবিতে ভিক্টোরিয়া দলের খেলোয়াড়েরা গিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে। কাল ব্রাদার্সের খেলোয়াড়েরাও তাঁর কাছে গেলেন একই কারণে।

ঢাকা প্রিমিয়ার লিগে ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে দলবদল-প্রক্রিয়ার নিয়মে বলা হয়েছিল, লিগ শুরুর আগেই ৩০ শতাংশ, প্রথম পর্ব শেষ হওয়ার আগে ৩০ শতাংশ ও শেষের ছয় সপ্তাহের মধ্যে শেষ কিস্তিতে ৪০ শতাংশ অর্থ পরিশোধ করে দিতে হবে। নিয়মটা মানেনি ভিক্টোরিয়া, ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস), কলাবাগান ক্রিকেট একাডেমি ও ব্রাদার্স। পরে বোর্ড দায়িত্ব নিয়ে কলাবাগান একাডেমি ও সিসিএসের খেলোয়াড়দের পাওনা টাকার সমাধান করেছে। কিন্তু ঝুলে আছে ভিক্টোরিয়া ও ব্রাদার্সের খেলোয়াড়দের ভাগ্য।

ব্রাদার্সের শাহরিয়ার নাফীস, তুষার ইমরান ও ইমরুল কায়েস এখন পর্যন্ত পেয়েছেন ৫৫ থেকে ৬০ শতাংশ টাকা। ক্লাবের বাকিদের কেউই ৩০ শতাংশের বেশি টাকা পাননি। পাওনা টাকা পরিশোধে ক্লাব কর্তৃপক্ষের এমন গড়িমসিতে ক্ষোভ ঝাড়লেন শাহরিয়ার, ‘আমাদের অনেকেরই ৭০ শতাংশ টাকা পাওনা আছে। শতভাগ পাওনা পরিশোধের সময়ও প্রায় শেষ। আমরা তাই বিষয়টি বিসিবির কাছে তুলে ধরেছি। দেশের ৯০ ভাগ ক্রিকেটারের মূল আয়ের উৎস এই লিগ। এখন প্রিমিয়ার লিগের টাকা যদি ঠিকমতো দেওয়া না হয়, খেলোয়াড়দের জন্য ক্রিকেট খেলাটাই কষ্টকর হয়ে যাবে।’

ভিক্টোরিয়ার খেলোয়াড়েরা বিসিবিতে দুবার ধরনা দিয়েও পাননি পাওনা টাকা। পেসার কামরুল ইসলাম জানালেন, টাকার দাবিতে তাঁরা আবারও যাবেন বিসিবিতে, ‘আমরা এর আগে বোর্ডের প্রধান নির্বাহীর সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, বোর্ড সভাপতিই পারেন এ বিষয়ের সমাধান করতে। এখন আমরা পাপন ভাইয়ের (নাজমুল হাসান) কাছে যাব।’

দুই ক্লাবের পাওনা টাকা পরিশোধে বিসিবির প্রধান নির্বাহী বললেন পুরোনো কথাই, ‘প্লেয়ার্স বাই চয়েসে আমাদের প্রতিশ্রুতি ছিল এটার দায়িত্ব নেওয়ার। আমাদের কাছে মোট চারটি ক্লাবের টাকা নিয়ে অভিযোগ এসেছে। দুটির (কলাবাগান ক্রিকেট একাডেমি ও সিসিএস) ব্যাপারে বোর্ড ব্যবস্থা নিয়েছে। বাকি দুটির সঙ্গে নিষ্পত্তির যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, শিগগির বিষয়টির সমাধান হয়ে যাবে। না হলে বোর্ডসভার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’