বিস্মিত হয়েছিলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজয়ের ঘা তখনো দগদগে। এর মধ্যে বিদায় নিয়েছেন লুইস ফেলিপে স্কলারি, দায়িত্ব নিয়েছেন দুঙ্গা। এদিকে নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভা চোটের কারণে মাঠের বাইরে। কাকে অধিনায়ক করবেন দুঙ্গা? নেইমারের নামটা একটু বিস্ময় হয়েই এল। ব্রাজিল স্ট্রাইকারের বয়স তখনো ২২, একটু তাড়াতাড়িই কি হাতে বাহুবন্ধনী উঠে গেল না? নেইমার তখন জানিয়েছিলেন, দায়িত্বটা পালন করার জন্য প্রস্তুত। এবার ফোর ফোর টুকে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তখন দায়িত্বটা পেয়ে বিস্মিতই হয়েছিলেন।
ব্রাজিলের হলুদ জার্সি গায়ে চড়ালে নেইমার যেন আরও বিধ্বংসী। এই বয়সেই ৬২ ম্যাচে ৪৩ গোল হয়ে গেছে। এই দলে বয়সে, অভিজ্ঞতায় তাঁর চেয়ে বড় অনেকেই আছেন। সবচেয়ে বড় কথা, সিলভা ফিরে আসার পরেও নেইমারই অধিনায়ক থেকেছেন। বার্সেলোনার হয়ে ত্রিমুকুটজয়ী স্ট্রাইকার স্বীকার করেছেন, ‘দুঙ্গা আমাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ায় একটু অবাক হয়েছিলাম। কিন্তু একই সময় ম্যানেজারের সবচেয়ে আস্থাভাজন হতে পেরেও খুব খুশি হয়েছিলাম। আমি তাঁকে মন থেকে ধন্যবাদ দিয়েছিলাম, কারণ দেশের অধিনায়ক হওয়াটা অনেক বড় একটা সম্মান।’
সেই দায়িত্ব যে বোঝা হয়ে আসেনি, সেটা নেইমার এর মধ্যেই প্রমাণ করেছেন। দুঙ্গা দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল নয় ম্যাচের সব কটিতেই জিতেছে। নেতা নেইমার নিজের দর্শনের কথা জানালেন, ‘অধিনায়ক হলেই যেকোনো মূল্যে জিততে হবে, এটা আমি ভাবি না। তবে জয়টা আমি উপভোগ করি। আমার ওপর তো কোনো চাপ নেই, আমি যেটা ভালোবাসি, সেটাই করছি। আমি কিছুই ভয় পাই না, এমনকি মাকড়সাও না! আমি বাকিদের মতোই দলের সদস্য। তবে গোল করাটা আমার কাজ, নইলে ব্রাজিলিয়ানরা আমাকে মেরে ফেলবে!’ শেষের কথাটা যে দুষ্টুমি, সেটা না বললেও চলে।
আগামীকাল শুরু কোপা আমেরিকা অধিনায়ক নেইমারের প্রথম বড় পরীক্ষা। কী অপেক্ষা করছে, কে জানে!