‘আমরা কিন্তু শিরোপা লড়াইয়ে থাকব। সেটাই আমাদের লক্ষ্য।’
কামাল বাবুর মুখে কথাটা শুনে সাংবাদিকেরা একটু অবাকই হয়েছিলেন। রহমতগঞ্জ কোচ বলেন কী! অবনমন ঠেকানোই যেখানে মূল ব্রত হওয়ার কথা দলটির, সেখানে শিরোপার আশা!
তাই আবার প্রশ্ন করা হলো, কথাটা কি জেনেবুঝেই বলছেন? তাঁর উত্তর, ‘জি, সব বুঝেই বলছি। আমরা ফাইট দেব।’ গত ২৪ জুলাই নবম প্রিমিয়ার ফুটবল লিগে শুরুর আগে দলগুলোর ধারাবাহিক সংবাদ সম্মেলনে রহমতগঞ্জ কোচ এমন দৃঢ় উচ্চারণ করেছিলেন।
তিন মাস পর এসে কামাল বাবুর কথাটা মোটেও আর বাড়াবাড়ি মনে হচ্ছে না। বরং রহমতগঞ্জ কোচ অন্তত লিগের প্রথম পর্ব শেষে দারুণভাবে তাঁর কথা রেখেছেন। পরশু শেষ হওয়া এই পর্বে রহমতগঞ্জ জ্বলজ্বল করছে পয়েন্ট তালিকার তিনে। শেষ ম্যাচে প্রথম হারতে না হলে শীর্ষেই তো থাকে দলটি! প্রথম ১০ ম্যাচ পর্যন্ত তারাই ছিল সবার ওপরে!
প্রথম পর্বে রহমতগঞ্জ যদি বিস্ময়ের নাম হয়, শেখ রাসেল ক্রীড়াচক্রের নামের আগে কোন বিশেষণটা বসবে? এবার ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় বাজেটের দলটি টানা হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকিয়ে কিছুটা উঠে দাঁড়িয়েছে। নবম ম্যাচে এসে জয়টাকে ধরতে পেরেছে। শেষ ম্যাচে দ্বিতীয় জয় পাওয়ায় একটু স্বস্তি নিয়েই শেষ করেছে এই পর্ব। তবু ১২ দলের লিগের পয়েন্ট তালিকার ১১ নম্বরে থাকাটা বড্ড বেমানান শেখ রাসেলের জন্য। এটুকুও হয়েছে মাঝপথে কোচ পাল্টে শফিকুল ইসলাম মানিককে দায়িত্ব দেওয়ায়।
শেখ রাসেলের এক ধাপ ওপরে আছে যে দলটি, ঐতিহ্য আর আভিজাত্যে তারা অনেক এগিয়ে। তবে শেখ রাসেল যেমন বড় বাজেটের দল, মোহামেডান তা নয়। কোনোরকম নবীন কিছু খেলোয়াড় নিয়ে একটা দল গড়া হয়েছে। এই তরুণদের পক্ষে বেশি দূর যাওয়াও সম্ভব নয়। সে হিসেবে শেখ রাসেলের চেয়ে অন্তত ১ পয়েন্ট তো বেশি পেয়েছে মোহামেডান!
তবে মোহামেডানের এই রুগ্ণ দশাও দলটির সঙ্গে যায় না। উত্তর বারিধারার মতো দলও নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে বড় চমক দেখিয়েছে। মোহামেডান তেমন ‘চমকও’ দেখাতে পারেনি। অস্তিত্ব-সংকটেই পড়েছে সাদা-কালোরা।
যদি খেলার প্রসঙ্গ আসে, প্রথম পর্বটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নিয়মিত যাঁরা খেলা দেখেন, তাঁদের সবার মতেই লিগের মান কিছুটা হলেও বেড়েছে। তবে জাতীয় দলের খেলায় সেটির প্রতিফলন না দেখতে পাওয়াটাই চরম হতাশার। নইলে ভুটানের কাছে হেরে কীভাবে তিন বছরের জন্য ফিফা-এফসির ম্যাচ বঞ্চিত হয় বাংলাদেশ!
খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যে যথারীতি বিদেশিরাই এগিয়ে। প্রথম ১৩ গোলদাতার ১১ জনই বিদেশি। বিদেশিদের ওপরই সব আলো। ওঁরাই টেনে নিচ্ছে দলগুলোকে।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
চট্টগ্রাম আবাহনী ১১ ৭ ৩ ১ ২১/৯ ২৪
ঢাকা আবাহনী ১১ ৬ ৫ ০ ১৯/৮ ২৩
রহমতগঞ্জ ১১ ৬ ৪ ১ ২০/১৩ ২২
শেখ জামাল ১১ ৫ ৪ ২ ২৪/১৯ ১৯
মুক্তিযোদ্ধা ১১ ৫ ৩ ৩ ১৮/১২ ১৮
আরামবাগ ১১ ৩ ৬ ২ ১৪/১৩ ১৫
ব্রাদার্স ১১ ২ ৫ ৪ ১৯/২১ ১১
বিজেএমসি ১১ ২ ৫ ৪ ১৩/১৬ ১১
ফেনী সকার ১১ ২ ৩ ৬ ১০/১৬ ৯
মোহামেডান ১১ ১ ৬ ৪ ৯/১৫ ৯
শেখ রাসেল ১১ ২ ২ ৭ ৬/১৫ ৮
উত্তর বারিধারা ১১ ২ ০ ৯ ১১/২৭ ৬
বিদেশিরাই এগিয়ে
১০ গোল নিয়ে সবার ওপরে আবাহনীর সানডে। শেখ জামালের ওয়েডসন, ব্রাদার্সের কিংসলের ৯ গোল, বিজেএমসির ইলিয়াসুর ৭। চট্টগ্রাম আবাহনীর লিওনেল ও ব্রাদার্সের ওয়ালসনের ৬। ৫টি করে গোল আছে চট্টগ্রাম আবাহনীর জাহিদ ও মুক্তিযোদ্ধার তৌহিদুলের।
দেশিদের খতিয়ান
জাতীয় দলের স্ট্রাইকার শাখাওয়াত রনি করেছেন দুটি গোল। এমিলি একটিও নয়। দুজনই অবশ্য চোটের কারণে শুরু থেকে খেলতে পারেননি। রুবেল মিয়া ৩, জাফর ৩ আবদুল্লাহ ২টি গোল করেছেন। জাতীয় দলের বাইরে থাকা ইব্রাহিম ৪টি।
অপেক্ষা
সবচেয়ে বেশি হতাশ করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রথম জয় পেতে দলটির অপেক্ষা ছিল নবম ম্যাচ পর্যন্ত। ঐতিহ্যবাহী মোহামেডান জয় নামের সোনার হরিণ ধরেছে দশম ম্যাচে এসে।