বিয়ের গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন রোনালদিনহো। ফাইল ছবি
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন রোনালদিনহো। ফাইল ছবি

রোনালদিনহো আগামী আগস্টে দুই বাগদত্তাকে বিয়ে করবেন, এমনটাই দাবি করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। তবে রোনালদিনহো এ খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন

কয়েক দিন আগেই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দাবি তুলেছিল, আগামী আগস্টে একই সঙ্গে দুই বাগদত্তা প্রিসিলা কোয়েলহা ও বিয়ারিজ সুজাকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদিনহো। একসঙ্গে দুই বিয়ে, স্বাভাবিকভাবে এমন খবরে নড়েচড়ে বসেছিল সবাই। তবে সংবাদটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ, ব্রাজিলের অন্য এক টিভি চ্যানেলেই ব্রাজিলিয়ান সাবেক এই তারকা ফুটবলার দাবি করেছেন, খবরটি মিথ্যা ছিল। এমন কিছুর কোনো সম্ভাবনাই নেই।

প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা, দুজনকেই বিয়ের আংটি পরিয়েছেন এমন একটা খবর প্রকাশ করেছিল ব্রাজিলের ও দিয়া পত্রিকা। পত্রিকাটির কলামিস্ট লিও ডিয়াজ দাবি করেছিলেন, আসছে আগস্টে রিওর সান্তা মনিকা কন্ডোনিয়ামের ভেতরে একান্ত এক অনুষ্ঠানে দুই বান্ধবীকে বিয়ে করবেন রোনালদিনহো। এমন খবরে পড়ে যায় হইচই। সত্যতা যাচাই করার জন্য স্পোর্টস টিভি গিয়েছিল ৩৮ বছর বয়সী রোনালদিনহোর সঙ্গে কথা বলতে। বৃহস্পতিবার স্পোর্টস টিভির সঙ্গে কথোপকথনে বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেন, ‘এটা ভয়ংকর মিথ্যা কথা, আমি বিয়ে করছি না কাউকে।’

রোনালদিনহো বলেন, তাঁর বিয়ের খবর প্রচারের পর সারা বিশ্ব থেকে যোগাযোগ করছেন সবাই। খবরটির সত্যতা জানতে চাইছেন অনেকে। এ কারণেই স্পোর্টস টিভিতে সব সন্দেহের অবসান করেছেন তিনি।

এর আগে ব্রাজিলের এক্সট্রা পত্রিকায় বলা হয়েছিল, রোনালদিনহোর এমন খবরে খুবই দুঃখ পেয়েছে কোয়েলহোর পরিবার। কারণ, প্রিসিলাকে যাই উপহার দেন রোনালদিনহো, সেটা বিয়াত্রিজকেও দেওয়া হয়!