বিলবাওয়ে শিরোপার উৎসব

শিরোপাটা সত্যিই বিশেষ কিছু অ্যাথলেটিক বিলবাওয়ের জন্য। ৩১ বছরের মাথায় এসে প্রথম শিরোপা! তাও আবার বার্সেলোনার মতো ক্লাবকে পেছনে ফেলে! বাস্ক কাউন্টিতে কালকের রাতটা নিশ্চয়ই ছিল দারুণ উৎসবমুখর। আর হবে বা-ই না কেন, নিজেদের ইতিহাসে এমন সাফল্যের স্বাদ যে কমই মিলেছে বিলবাওয়ের কপালে। প্রতিপক্ষ বার্সেলোনা ছিল বলেই সুপার কাপের শিরোপার স্বাদটা যেন বহুগুণ বেড়ে গেছে এই দলটির জন্য।
উৎসবের প্রস্তুতিটা বিলবাওয়ে শুরু হয়ে গিয়েছিল প্রথম লেগ শেষেই। মেসি-সুয়ারেজদের বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়েই সুপার কাপের শিরোপায় নিজেদের দাবি পোক্ত করেছিল তারা। ৪ গোলের ঘাটতি পূরণ যে খুব সহজ কিছু হবে না, তা হিসাব করেই দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। অলৌকিক কিছু করে বিলবাওকে দ্বিতীয় লেগে উড়িয়ে দেওয়ার ক্ষীণ লক্ষ্য যে ছিল না, সেটাও ঠিক বলা যাবে না। কিন্তু খেলা শুরু হতেই বাস্তবতার জমিনে সবাই। লিওনেল মেসি যদিও প্রথমার্ধের শেষ দিকের এক গোলে আশা জাগিয়েছিলেন বার্সা সমর্থকদের, কিন্তু আকাশছোঁয়া লক্ষ্যটা শেষ অবধি পূরণ হয়নি লুইস এনরিকের বাহিনীর। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আরিজ আদুরিজের এক গোল বিলবাওয়ের সুপার কাপ স্বপ্নকে প্রতিষ্ঠিত করে দৃঢ় ভিত্তির ওপর। এই আদুরিজই প্রথম লেগে হ্যাটট্রিক কৃতিত্বে বার্সেলোনাকে ঠেলে দিয়েছিলেন প্রায় অসম্ভব এক লক্ষ্যের দিকে।
ন্যু ক্যাম্পের এই ম্যাচ ১-১ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে সুপার কাপের শিরোপা বাস্ক কাউন্টিতে নিয়ে গেল বিলবাও। জয়ের নায়ক আদুরিজ সুপার কাপের এই শিরোপাকে তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। স্প্যানিশ টিভি টেলেসিনকোর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘শিরোপা জয় দারুণ একটা ব্যাপার। আমাদের সবার জীবনেরই অন্যতম সেরা ঘটনা এটি। আমার কন্যার জন্মের পরই এই শিরোপাই আমার জীবনের শ্রেষ্ঠতম ঘটনা।’
গোলের জন্য খেলার শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল বার্সেলোনা। কিন্তু কাঙ্ক্ষিত গোল তাদের হাতে এসে ধরা দেয়নি। আন্দ্রেস ইনিয়েস্তার ভাষায় ‘সম্ভব-অসম্ভব প্রায় সব প্রচেষ্টা’ গ্রহণ করেও বিলবাওকে টলাতে পারেনি বার্সেলোনা। তবে ষষ্ঠ মিনিটে পেদ্রোর শট বিলবাওয়ের এক ডিফেন্ডারের গায়ে লেগে বারের ওপর দিয়ে চলে যায়। এর মাঝে জেরার্ড পিকের একটি শট ক্রসবারে লেগে ব্যর্থ হয়। ৩৮ মিনিটে গোল পেয়ে যেতে পারতো বিলবাও। হাভিয়ের এরাসো স্বার্থপরের মতো গোলে শট না নিয়ে আদুরিজকে বাড়িয়ে দিলেই গোলটি পেয়ে যেত বিলবাও। খেলার ৪৪ মিনিটে রাকিতিচের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে মেসির দিকে বাড়ান সুয়ারেজ। পোস্টের কাছাকাছি জায়গা থেকে লক্ষ্যভেদ করতে ভুল করেননি তিনি। ৫৬ মিনিটে জেরার্ড পিকে লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় বার্সেলোনা। এই সময় বিলবাওও একটু রক্ষণাত্মক হয়ে গেলে গোলের সুযোগ তৈরি করা কঠিনই হয়ে পড়ে বার্সেলোনার জন্য। ৭৫ মিনিটে আদুরিজ গোল করে বার্সেলোনার আশায় জল ঢেলে দেন। বিলবাওকে নিয়ে যান উৎসবমুখর এক শিরোপার দ্বারপ্রান্তে। সূত্র: এএফপি।