বুন্দেসলিগাকে নিজস্ব সম্পত্তিই বানিয়ে ফেলল বায়ার্ন মিউনিখ। পরশু টানা পঞ্চমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে জার্মান ক্লাবটি। জার্মানির শীর্ষ লিগে বায়ার্নের এটি ২৭তম শিরোপা। ১৯০২-০৩ মৌসুমে শুরু হওয়া লিগে এ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে ২৯টি ক্লাব। তবে অন্য কোনো ক্লাবের শিরোপাসংখ্যা দুই অঙ্কই ছোঁয়নি। চ্যাম্পিয়নদের দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৮ শিরোপা এগিয়ে বায়ার্ন। বায়ার্নের পরের নামটি এফসি নুর্নবার্গ (নুরেমবার্গ)। ১৯৬৭-৬৮ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি লিগ জিতেছে নয়বার। আটবার চ্যাম্পিয়ন হয়ে এরপরই আছে এ সময়ে বায়ার্নের প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। ১৯০২-০৩ মৌসুমে প্রথম শিরোপা ঘরে তুলেছিল ভিএফবি লাইপজিগ। ১৯৬৩-৬৪ মৌসুমে বুন্দেসলিগা নামকরণের পর ৫৪ মৌসুমের ২৬টিতেই চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন।
বুন্দেসলিগায় সেরা পাঁচ ক্লাব
চ্যাম্পিয়ন রানার্সআপ সর্বশেষ শিরোপা
বায়ার্ন মিউনিখ ২৭ ১০ ২০১৬-১৭
এফসি নুর্নবার্গ ৯ ৩ ১৯৬৭-৬৮
বরুসিয়া ডর্টমুন্ড ৮ ৭ ২০১১-১২
শালকে জিরো ফোর ৭ ৯ ১৯৫৭-৫৮
হামবুর্গ এসভি ৬ ৮ ১৯৮২-৮৩