বুন্দেসলিগার মেধা পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুন্দেসলিগার গত মৌসুমের সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন রেকর্ড দামে নাম লিখিয়েছেন সিটিতে l ফাইল ছবি
বুন্দেসলিগার গত মৌসুমের সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইন রেকর্ড দামে নাম লিখিয়েছেন সিটিতে l ফাইল ছবি

তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য মেধা পাচার একটা বড় সমস্যাই। বুন্দেসলিগাকে মোটেই ফুটবলের ‘তৃতীয় বিশ্ব’ বলার উপায় নেই। লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগের পাশে এখন জার্মান ক্লাবগুলোই সবচেয়ে বেশি ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু বুন্দেসলিগার ক্লাবগুলোকেও যে এখন এই মেধা পাচারের সমস্যাটা পোহাতে হচ্ছে। এক বায়ার্ন মিউনিখ বাদ দিলে ভলফসবুর্গ, বেয়ার লেভারকুসেনের মতো প্রথম সারির ক্লাবগুলোর জন্যই এটা মাথাব্যথার বড় কারণ।
কয়েক দিন আগে কেভিন ডি ব্রুইনের দলবদলের ঘটনাটাই ধরুন। মাত্র গত মৌসুমে চেলসি থেকে ভলফসবুর্গে নাম লিখিয়েছিলেন এই মিডফিল্ডার। ১০ গোল করে ও ২১টি করিয়ে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। বড় ক্লাবগুলো তাঁর পেছনে ছোঁক ছোঁক করবে, সেটা অনুমিতই ছিল। তবে শেষ পর্যন্ত ডি ব্রুইনকে কিনতে ম্যানচেস্টার সিটির যে টাকা খরচ হলো, সেটা একটু চমক হয়েই এসেছে। এক মৌসুম আগে যাঁর দাম ছিল ‘মাত্র’ আড়াই কোটি ইউরো, তাঁকেই কিনা সিটি কিনল প্রায় আট কোটি ইউরো দিয়ে! প্রিমিয়ার লিগের ইতিহাসে শুধু অ্যাঙ্গেল ডি মারিয়াকে কিনতে এর চেয়ে বেশি খরচ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ডি ব্রুইনের বেতনটাও রীতিমতো আকাশছোঁয়া, সপ্তাহে প্রায় আড়াই লাখ ইউরো তো বুন্দেসলিগাতেও কেউ পান না।
শুধু কি ডি ব্রুইন, এই মৌসুমে জার্মানি থেকে ইংল্যান্ডগামী বিমানে উঠেছেন আরও কয়েকজন ফুটবলার। ইউনাইটেড যেমন প্রায় দুই কোটি ইউরো দিয়ে বায়ার্ন মিউনিখ থেকে নিয়ে এসেছে বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে। হফেনহেইম থেকে রবার্তো ফিরমিনোকে আনতে লিভারপুলের খরচ করতে হয়েছে প্রায় চার কোটি ইউরো। আর সর্বশেষ লেভারকুসেনের সন হিউং মিনের জন্য টটেনহামের লেগেছে তিন কোটি ইউরো। বুন্দেসলিগার নতুন দল ইঙ্গলস্টাডের কোচ রালফ হাসেনহুয়েটলের বিস্ময়টা অনেকেরই মনের কথা, ‘যে পরিমাণ টাকা এখন খরচ হচ্ছে, সেটা রীতিমতো অবিশ্বাস্য।’
এমন নয়, জার্মান ক্লাবগুলো দীনহীন। ভলফসবুর্গের পেছনে আছে গাড়িনির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন, লেভারকুসেনের পেছনে ওষুধ প্রতিষ্ঠান বেয়ার। কিন্তু সিটির পেট্রোডলারের কাছে ভলফসবুর্গ চেয়ারম্যান মার্টিন উইন্টারকর্নকে আত্মসমর্পণের সুরে বলতে হচ্ছে, ‘এ রকম অঙ্কের কাছে আপনি আসলে অসহায়। এমনকি বায়ার্নও ডি ব্রুইনকে কিনতে আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত তারাও বলেছে, ‘এ রকম একটা অঙ্কের সঙ্গে লড়াই করা সম্ভব নয়।’ উইন্টারকর্ন তাই বলছেন, জার্মান ক্লাবগুলোর ইংলিশ ‘আগ্রাসন’ থেকে বাঁচতে নিজেদের স্বার্থেই একটা উপায় খোঁজা উচিত।
কিন্তু সেটা কি আদৌ সম্ভব? ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হান্স জোয়াকিম ওয়াজকে একটা উপায় দেখিয়েছেন, ‘আমাদের দলবদলের শেষ সময়টা আগস্টের ১ তারিখে নিয়ে আসা উচিত। এখন যেটা হচ্ছে আগস্টের ৩০ বা ৩১ তারিখ ধনী ও বড় ক্লাবগুলো দুই, তিন বা চার কোটি টাকার প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে।’ এএফপি।