
বুন্দেসলিগার ৫২ বছরের ইতিহাসে যা কেউ করতে পারেননি, সেটিই করে ফেললেন পিয়ের এমেরিক অবামেয়াং। লিগের প্রথম সাত ম্যাচের সব কটিতেই গোল। পরশু ডার্মস্টাট ৯৮-এর বিপক্ষে গোল করে শুরুর টানা সাত ম্যাচে গোল করার প্রথম কীর্তি গড়লেন গ্যাবানিজ স্ট্রাইকার।
রেকর্ড গড়ে নিশ্চয়ই খুশি অবামেয়াং। তবে তাঁর দল বরুসিয়া ডর্টমুন্ড জিতলেই বরং বেশি খুশি হতেন। তাঁর জোড়া গোলের পরও ২-২ গোলে ড্র করেছে ডর্টমুন্ড। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ডর্টমুন্ড। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। পয়েন্ট তালিকার শীর্ষস্থানের জন্য বায়ার্নের সঙ্গে যেমন লড়াই ডর্টমুন্ডের, তেমনি লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া নিয়ে লড়াই শুরু হয়েছে অবামেয়াংয়ের সঙ্গে বায়ার্ন স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির। ৭ ম্যাচে ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা লেভানডফস্কি। ৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে অবামেয়াং। ১৯৭৬-৭৭ মৌসুমে ডিয়েটার মুলারের পর বুন্দেসলিগায় কোনো স্ট্রাইকার ৩০ গোল করতে পারেনি। যেভাবে এগোচ্ছেন লেভানডফস্কি ও অবামেয়াং তাতে ডিয়েটারকে ছুঁয়ে ফেলতে পারেন দুজনই। ৩৯ বছর আগে এফসি কোলনের হয়ে ৩৪ গোল করেছিলেন ডিয়েটার মুলার। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি অবশ্য আরেক মুলারের। ১৯৭১-৭২ মৌসুমে ৪০ গোল করেছিলেন জার্মান কিংবদন্তি জার্ড মুলার। তথ্যসূত্র: রয়টার্স।