বুফনকে ছাড়িয়ে দোনারুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমার্ধে ইতালির গোলবারের সামনে জিয়ানলুইজি বুফনই ছিলেন। তবে স্যান নিকোলায় পরশু ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে তাঁর বদলি হিসেবে নামলেন জিয়ানলুইজি দোনারুমা। আর তাতেই ইতালির হয়ে ইতিহাস গড়লেন ১৭ বছর ১৮৭ দিন বয়সী মিলান গোলরক্ষক। ইতালির ইতিহাসে এর চেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেক হয়নি অন্য কোনো গোলরক্ষকের।
কাকতালীয়ভাবে দোনারুমা ভেঙেছেন বুফনের রেকর্ডটাই। ১৯৯৭ সালে ১৯ বছর ৭ মাস বয়সে ইতালির হয়ে অভিষেক হয়েছিল বুফনের। এত দিন সেটিই ছিল ইতালির হয়ে সবচেয়ে কম বয়সে কোনো গোলরক্ষকের অভিষেকের রেকর্ড।
শুধু গোলরক্ষক হিসেবেই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির হয়ে দোনারুমার চেয়ে কম বয়সে আর কোনো খেলোয়াড়েরই অভিষেক হয়নি। তবে অভিষেকটা খুব সুখকর হয়নি এই ইতালিয়ান গোলরক্ষকের। ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচটা তাঁর দল হেরে গেছে ৩-১ গোলে। ফক্স স্পোর্টস।