বুফনের আরও ৩ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য ক্যারিয়ারে অগুনতি ট্রফি জিতেছেন। সবচেয়ে আরাধ্য বিশ্বকাপ ট্রফিটাও জিতেছেন ২০০৬ সালে, এই বার্লিনেই। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ট্রফিটাই জিয়ানলুইজি বুফনের কাছে এখনো অধরা! এবার খুব কাছে গিয়েও পারলেন না মেসি-নেইমার আর সুয়ারেজের বার্সেলোনার সঙ্গে। ৩৭ বছর বয়সী ইতালিয়ান গোলরক্ষক তাই বলে হাল ছাড়ছেন না। স্বপ্নপূরণের চেষ্টা চালিয়ে যাবেন। পরশু বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর সেই আভাসই দিলেন, ‘আরও কিছু স্বপ্ন পূরণের বাকি এখনো। সে জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে আরও তিন বছর খেলতে চাই।’ ইতালিয়ান গোলরক্ষকদের অবশ্য দীর্ঘ ক্যারিয়ারের ঐতিহ্যও আছে। জুভেন্টাসেই বুফনের পূর্বসূরি দিনো জফ তো চল্লিশ পেরিয়েও খেলেছেন ১৯৮২ বিশ্বকাপে! আরেক ইতালিয়ান গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন ৩৯ বছর পর্যন্ত। এএফপি।