বুফনের এমন ভুল!
জাতীয় দলের জার্সিতে এমন ভুল আগে কখনো করেছেন জিয়ানলুইজি বুফন? ক্যারিয়ারের শুরুর দিকে হতে পারে, তখন তো আর বুফন হয়ে ওঠেননি। কিন্তু ক্যারিয়ারে লম্বা পথ পেরিয়ে আসা এই বুফনের কাছে এমন ভুল শুধু অপ্রত্যাশিতই নয়, হাস্যকরও।
তুরিনে পরশু রাতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুফনের ওই ভুলেই হারতে বসেছিল ইতালি। ভাগ্য ভালো ৮১ মিনিটে গোলটা শোধ করতে পেরেছে। স্ট্রাইকার এদেরকে বক্সে ফেলে দিয়েছিলেন সার্জিও রামোস। রোমা স্ট্রাইকার ড্যানিয়েলে ডি রসির পেনাল্টি গোলে ম্যাচ ১-১।
এই ড্রয়ে নিজের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত রেকর্ডও ধরে রাখল ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠে এখন পর্যন্ত ৫০ ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৪৩টি, ৭টি ড্র। ধরে রাখল আরেকটি রেকর্ডও। বিশ্বকাপ ও ইউরোর বাছাইয়ে গত ১০ বছরে কোনো ম্যাচ হারেনি আজ্জুরিরা। সর্বশেষ হার ২০০৬ ইউরোর বাছাইয়ে, ফ্রান্সের কাছে ৩-১ গোলে।
পরশু ড্রয়ে সবচেয়ে বেশি স্বস্তি পেলেন সম্ভবত বুফনই। এমনিতেই প্রথমার্ধে খুব বাজে খেলেছে ইতালি। স্পেনের বল দখল ছিল ৭৭ ভাগ, পোস্টে একটি শটও নেই জিয়ামপিয়েরো ভেনতুরার দলের। ৫৫ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে স্প্যানিশ মিডফিল্ডার ভিতোলোকে বল বাড়িয়েছিলেন সার্জিও বুসকেটস। সেটা ঠেকাতে ডি-বক্সের বাইরে বেরিয়ে আসা বুফন বলের লাইনেই যেতে পারেননি। ফাঁকায় বল পেয়ে স্পেনকে এগিয়ে দেন ভিতোলো।
গোলটা একরকম উপহারই। স্বয়ং গোলদাতা ভিতোলোর কথাও তা বোঝা যাচ্ছে, ‘বুফন দারুণ গোলরক্ষক। কিন্তু ওর কাছে আজ এত বড় ভুল আশা করিনি।’ জুভেন্টাস গোলরক্ষক অবশ্য পাশেই পেয়েছেন সতীর্থদের। ডি রসি যেমন বলেছেন, ‘ইতিহাসে সেরা গোলরক্ষক হলেও সে ভুল করতেই পারে। নইলে তো সে যন্ত্র হয়ে যাবে।’ তারপর অবশ্য একটা খোঁচাও দিয়েছেন ক্লাব ফুটবলে বুফনের প্রতিপক্ষ স্ট্রাইকার, ‘এ রকম ভুল সে ইতালির হয়ে না করে জুভেন্টাসের হয়ে করলে অবশ্য তাহলে ভালোই হতো। কিন্তু সব চাওয়া তো পূরণ হয় না।’
জি গ্রুপে এই ড্রয়ের পর স্পেন ও ইতালি—দুই দলেরই পয়েন্ট সমান ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা স্পেন গ্রুপের দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আলবেনিয়া। এএফপি।
এক নজরে
অস্ট্রিয়া ২: ২ ওয়েলস
কসোভো ০: ৬ ক্রোয়েশিয়া
ইতালি ১: ১ স্পেন
আয়ারল্যান্ড ১: ০ জর্জিয়া
তুরস্ক ২: ২ ইউক্রেন
* প্রথমে স্বাগতিক দল