বুফনের কাছে ক্যাসিয়াসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের মধ্যে কে সেরা—সে তর্ক অন্যরা করুক। ইকার ক্যাসিয়াস ও জিয়ানলুইজি বুফনের সম্পর্ক এসব তর্কের ঊর্ধ্বে। পরশু পোর্তোর মাঠে ম্যাচের পরের এই ছবিটি যে সম্পর্কের সাক্ষ্য দেয় l এএফপি
দুজনের মধ্যে কে সেরা—সে তর্ক অন্যরা করুক। ইকার ক্যাসিয়াস ও জিয়ানলুইজি বুফনের সম্পর্ক এসব তর্কের ঊর্ধ্বে। পরশু পোর্তোর মাঠে ম্যাচের পরের এই ছবিটি যে সম্পর্কের সাক্ষ্য দেয় l এএফপি

এ দুই সেরা লড়াইয়ে নেমেছিলেন পরশু। হেরে গেছেন ক্যাসিয়াস। প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে বলতে গেলে এক পা দিয়ে রেখেছে জুভেন্টাস। বলা হচ্ছিল বুফন আর ক্যাসিয়াসের লড়াইয়ের কথা। কিন্তু দশজনের দলে পরিণত হয়ে পোর্তোর লড়াইয়ের শক্তিই তো হলো খর্ব! গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালারা পোর্তোর রক্ষণে বারবার হানা দিয়েছেন। কঠিন পরীক্ষা নিয়েছেন ক্যাসিয়াসের। বুফনের পরীক্ষা সেভাবে নিতে পারল কই পোর্তোর আক্রমণভাগ? লাল কার্ড দেখে ২৭ মিনিটে মাঠ ছাড়েন পোর্তোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স তেল্লেস। রক্ষণের শক্তি বাড়াতে ৩০ মিনিটে স্ট্রাইকার আন্দ্রে সিলভাকে তুলে ডিফেন্ডার মিগেল লেয়ুনকে মাঠে নামান কোচ। শুরুর দিকে জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দুই–একবার পরীক্ষা নিয়েছিলেন ওই সিলভাই।

৭১ মিনিট পর্যন্ত নিজের জাল অক্ষত রাখতে পেরেছিলেন ক্যাসিয়াস। ৭২ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা মার্কো পিয়াৎসা। আরেক বদলি দানি আলভেজ ব্যবধান দ্বিগুণ করেন মাঠে নামার ৮০ সেকেন্ডের মাথায়। 

সেভিয়ার কাছে হারলেও লেস্টার সিটি এই ভেবে খুশি হতে পারে যে একটি অ্যাওয়ে গোল নিয়ে ফেরা গেছে। ২৫ মিনিটে পাবলো সারাবিয়ার গোলে এগিয়ে যায় সেভিয়া, ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াকিন কোরেয়া। তবে ৭৩ মিনিটে জেমি ভার্ডির গোলে প্রাণ ফিরে পায় লেস্টার। সব মিলিয়ে ৯ ম্যাচ পর গোল পেলেন ইংল্যান্ডের এই স্ট্রাইকার। এএফপি, রয়টার্স।

এক নজরে

        সেভিয়া ২: ১ লেস্টার

* স্বাগতিক দল প্রথমে