বুফনের কান্না নয়্যারের হাসি

জার্মানদের সবার আগে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন তিনি। বিজয়ীদের প্রাপ্য সম্মান জানিয়ে কান্নাভেজা চোখে যখন মাঠ ছাড়ছেন, তখন হয়তো দর্শকদের চোখও ভিজে উঠেছিল। কে জানে, ইউরোতে এটাই হয়তো তাঁর শেষ, জিয়ানলুইজি বুফনের বয়স যে চলছে ৩৮।
পরশু বোর্দোয় কোয়ার্টার ফাইনালে জার্মানি-ইতালি মুখোমুখি হয়েছিল সত্যি, কিন্তু ম্যাচটি তো হলো আসলে দুই গোলরক্ষকের মধ্যে। অলিখিত বিশ্বশ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছিলেন বুফন ও ম্যানুয়েল নয়্যার। সেখানে ক্ষয়িষ্ণু সাম্রাজ্যের অধিপতির মতো হার মানতে হলো বুফনকে। আর মধ্যগগনের সূর্যের মতো বিজয়ীর হাসি হাসলেন নয়্যার।
ম্যাচে প্রায় ‘অপরাধী’র কাঠগড়ায় ঢুকে পড়া জেরোম বোয়াটেংয়ের কথাই বলে ‘সুইপার-গোলকিপার’ নয়্যারে কতটা আস্থা তাঁদের, ‘পেনাল্টি শুটআউট ভাগ্যের ব্যাপার, তবে আমাদের মানু (নয়্যার) ছিল। অন্য গোলকিপারও (বুফন) খারাপ ছিল না।’
বুফনের পারফরম্যান্সকে ‘খারাপ ছিল না’ বলাটা বাড়াবাড়ি। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করেছেন, ৬৮ মিনিটে মারিও গোমেজের ব্যাকহিলটি যেভাবে ফিরিয়েছেন, সেটি ছিল অবিশ্বাস্য। টাইব্রেকারে ফিরিয়েছেন মুলারের শট। ম্যাট হামেলসের শটে হাত ছুঁইয়েছেন। প্রায় ঠেকিয়ে ফেলেছিলেন জোনাস হেক্টরের শেষ শটটিও। বুফন তাই হতাশা লুকাননি, ‘সবারই কান্নার কোনো না কোনো কারণ থাকে। দল হিসেবে আরও ভালো কিছু আমাদের প্রাপ্য ছিল, সবাই আমাদের বিশ্বাস করছিল। কখনো এটি আপনার পক্ষে যাবে, কখনো না। কিন্তু খেলার বড় অংশই তো এটি, আপনাকে তা মেনে নিতে হবে।’
টাইব্রেকারে যা হলো তা অবশ্য অবিশ্বাস্য। দুই দলই নির্ধারিত প্রথম পাঁচ শটের মাত্র দুটিতে গোল করতে পেরেছে! বুফনের কাছে এটা অবিশ্বাস্য ঠেকছে, ‘এটি লজ্জার ব্যাপার। জার্মানির মতো দল পাঁচটি পেনাল্টির তিনটি মিস করার পরও আপনি জিততে না পারলে বিষয়টি জটিল হয়ে যায়।’
দুটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যাওয়া নয়্যারও বিস্মিত এত লম্বা পেনাল্টি শুটআউট নিয়ে। মাতেও দারমিয়ানের শেষ শটের চেয়ে লিওনার্দো বোনুচ্চির শটটি ফেরাতে পেরেই বেশি উচ্ছ্বসিত নয়্যার। নির্ধারিত সময়ে এই বোনুচ্চিই যে তাঁকে ফাঁকি দিয়ে গোল করেছিলেন পেনাল্টি থেকে, ‘এর আগে এমন পেনাল্টি শুটআউটের অভিজ্ঞতা আমার ছিল না, অনেকক্ষণ ধরে চলেছে। এটি ছিল বিশেষ কিছু, কী নাটক! যে দুটি শট ঠেকাতে পেরেছি সেগুলো এখনো মনে আছে। আমি বোনুচ্চিকে দুবার গোল করতে দিতে চাইনি, তাই ওর শট ঠেকিয়েছি।’
গোলকিপারের লড়াইয়ে হেরে গেলেও আপাতত বিদায় বলছেন না বুফন। ২০১৮ বিশ্বকাপেও খেলার আশা তাঁর। তাই ইউরো থেকে মাথা উঁচু করেই ফিরছেন, ‘কোনো আক্ষেপ ছাড়া এ প্রতিযোগিতা থেকে ফিরতে চেয়েছি। আমরা তাই ফিরছি। দেশের মানুষকে গর্বিত করেছি, এ কারণেই আমাদের কোনো দুঃখ নেই।’ এএফপি।