বুফনের দুঃখ ঘোচার দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুফন এমন মূর্তিতে থাকলে, জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ জয় সহজ হয়ে যাবে। ছবি: রয়টার্স
আজ বুফন এমন মূর্তিতে থাকলে, জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ জয় সহজ হয়ে যাবে। ছবি: রয়টার্স

আজ রাতেই কি এ বছরের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা হয়ে যাবে?
বছরের অর্ধেকের বেশি সময় বাকি থাকলেও আজ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দিয়েই নাকি চূড়ান্ত মীমাংসা হয়ে যাচ্ছে এ প্রশ্নের। রিয়াল মাদ্রিদ নাকি জুভেন্টাস—এ প্রশ্নের উত্তর যখন মিলবে তখনই জানা যাবে, এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম ক্রিস্টিয়ানো রোনালদো নাকি জিয়ানলুইজি বুফন!
অনেকেই মনে মনে চাইছেন উত্তরটা ‘বুফন’ই হোক। ফুটবলের যে অনেক ঋণ বুফনের কাছে। ৩৯ বছর বয়সে এসেও দাপটের সঙ্গেই পেশাদার ফুটবলে খেলে যাচ্ছেন। সবাইকে দেখিয়ে দিচ্ছেন, ইচ্ছা ও প্রতিজ্ঞার কাছে বয়স কেবল একটা ‘সংখ্যা’ই। ২২ বছরের ফুটবল ক্যারিয়ারে জিতেছেন অসংখ্য শিরোপা। একটি বিশ্বকাপও আছে তাঁর ট্রফি ক্যাবিনেটে। কিন্তু ইউরোপের সেরার ট্রফি কখনো ছুঁয়ে দেখা হয়নি। না জাতীয় দলের হয়ে, না ক্লাবের হয়ে। ইউরোয় একবারই ফাইনাল খেলেছেন। স্পেনের মিডফিল্ডের কারণে ২০১২ সালের সে ফাইনাল দুঃস্বপ্ন হয়ে আছে তাঁর। ৪-০ ব্যবধানের সে হারের দুঃখ কোনো দিনই ভুলতে পারবেন না। কারণ, ২০২০ ইউরো পর্যন্ত খেলবেন এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
চ্যাম্পিয়নস লিগও তাঁর কাছে না পাওয়ার মঞ্চই। ২০০৩ ও ২০১৫ সালে জুভেন্টাসকে ফাইনালে তুলেও শূন্য হাতে ফিরতে হয়েছিল তাঁকে। প্রথমবার পেনাল্টি ভাগ্যে, দ্বিতীয়বার মেসি-নেইমারদের কাছে। চ্যাম্পিয়নস লিগে বুফনের (১১৫) চেয়ে বেশি ম্যাচ খেলে এখনো শিরোপা পাননি মাত্র একজন, জ্লাতান ইব্রাহিমোভিচ (১২৩)। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে চ্যাম্পিয়নস লিগ কিংবা ইউরোর মতো আরেকটি শিরোপা তাঁকে ফাঁকি দিয়েছে বারবার—ব্যালন ডি’অর। ২০০৬ বিশ্বকাপ জেতার বছরেও সেটা গিয়েছে ইতালীয় অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারোর কাছে। এবার যদি চ্যাম্পিয়নস লিগের ধাঁ ধাঁটা মেলাতে পারেন তবে, রোনালদোকে টপকে ব্যালন ডি’অর পাওয়াটাও অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাঁর।
তবে ব্যক্তিগত পুরস্কার নয়, বুফনের কাছে চ্যাম্পিয়নস লিগটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘এ ম্যাচ আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার লম্বা ক্যারিয়ারের কথা ভেবে আমি কৃতজ্ঞ। তবে এবার যদি জিততে পারি সেটিই হবে পরিপূর্ণ ও তৃপ্তিদায়ক এক সমাপ্তি। আর মানুষ তো রূপকথা ভালোবাসেই।’ বুফনকে কার্ডিফে বিজয়ী দেখতে চান আরও একজন, স্পেনকে বিশ্বকাপ ও ইউরো জেতানো জাভি। বার্সেলোনার ইতিহাসের অংশ হয়ে যাওয়া একজনের এমন চাওয়ার পেছনে অন্য কারণ যে আছে সেটা জাভি নিজেই স্বীকার করেছেন, ‘চ্যাম্পিয়নস লিগ জেতা হবে বুফনের ক্যারিয়ারের চূড়ান্ত অর্জন। ও এটা জতুক, এটিই আমি চাই। বার্সেলোনার ভক্ত হিসেবে নয়। আমি মনে করি বুফন এই শিরোপা জেতার দাবি রাখে।
আজ কি বুফনের দুঃখ ঘোচার সেই দিন? সূত্র: মার্কা, দ্য টেলিগ্রাফ।