বুফনের ম্যাচে জুভেন্টাসের হার

জুভেন্টাসের জার্সি গায়ে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের ৫০০তম ম্যাচ। উপলক্ষটা উদ্যাপন করতে নিশ্চিতই অনেক আয়োজন ছিল ইতালিয়ান চ্যাম্পিয়নদের। কিন্তু সেই আয়োজনে জল ঢেলে দিলেন লুকা আন্তোনিনি। জেনোয়া মিডফিল্ডারের ৯৪ মিনিটের গোলেই মৌসুমে সিরি ‘আ’তে প্রথম হারের স্বাদ পেয়েছে জুভেন্টাস। জুভেন্টাসের ০-১ গোলের এই হারের সুযোগটা ষোলো আনাই নিয়েছে প্রতিদ্বন্দ্বী রোমা। নিজেদের মাঠে সেসেনাকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় জুভদের ধরে ফেলেছে রোমের ক্লাবটি। নয় ম্যাচ শেষে দুদলের পয়েন্টই ২২, গোলগড়ও সমান (+১২), তবে মুখোমুখি লড়াইয়ের হিসাবে রোমার ওপরে জুভেন্টাস।
২০০১ সালে রেকর্ড ৩২ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাসে যোগ দেওয়া বুফন পরশু রাতের ম্যাচটি খেলতে নেমেছিলেন ‘৫০০’ লেখা বিশেষ এক বাহুবন্ধনী পরে। ফুটবল বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের রাতটা দুর্বিষহ করতে প্রতিপক্ষ গোলরক্ষক ও পোস্টের ভালো ভূমিকা আছে। আন্তোনিনির গোলের মুহূর্তকাল আগে দুর্দান্ত এক গোল বাঁচিয়েছেন জেনোয়া গোলরক্ষক মাতিয়া পেরিন। জুভদের দুটি শট লেগেছে পোস্টেও।
‘আমার ক্যারিয়ারের অন্যতম সুন্দর দিন। কয়েক মৌসুম ধরে জুভেন্টাসের হারাটা দুর্লভ এক ঘটনা, তাই ছেলেদের অভিনন্দন’—জয়ে আপ্লুত জেনোয়া কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি।
জুভেন্টাসের হারের দিনে ইন্টার মিলান ১-০ গোলে সাম্পদোরিয়াকে হারালেও এসি মিলান ১-১ গোলে ড্র করেছে ক্যালিয়ারির সঙ্গে। ১৬ পয়েন্ট নিয়ে এসি মিলান তিনে ও ১৫ পয়েন্ট নিয়ে ইন্টার রয়েছে আটে। এএফপি, বিবিসি।