বুফনের লাল কার্ড প্রাপ্য ছিল না, বললেন জিদান

>
- ফিরতি লেগই চ্যাম্পিয়নস লিগে শেষ ম্যাচ, এমন ইঙ্গিত দিয়েছিলেন বুফন
- লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় শেষটা ভালো হলো না বুফনের
- জিদান-রোনালদোর বিশ্বাস, বুফন চ্যাম্পিয়নস লিগে ফিরবেন
- বুফনের লাল কার্ড দেখে মাঠ ছাড়া মেনে নিতে পারছেন না জিদান
ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছেন। জুভেন্টাসের হয়ে জিতেছেন সিরি ‘আ’, তাও ১০ বার। ফুটবল ইতিহাসে সেরা গোলরক্ষকদের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নামটা থাকবেই। কিন্তু কিংবদন্তিদেরও আক্ষেপ থাকে। জিয়ানলুইজি বুফনের ক্ষেত্রে যেমন, গ্লাভসজোড়া হয়তো খুলে রাখতে হবে চ্যাম্পিয়নস লিগ না জিতেই!
২০০২-০৩, ২০১৪-১৫ ও গত মৌসুম মিলিয়ে মোট তিনবার জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছেন বুফন। প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে, তাই আক্ষেপও বেড়েছে। কিন্তু বুফন এবার যে আক্ষেপ নিয়ে ফিরলেন, সেটা তিনি হয়তো কোনো দিন ভাবতেও পারেননি।
ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৩-০ গোলে হেরেছিল জুভেন্টাস। ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব ভেবেই ৪০ বছর বয়সী বুফন ফিরতি লেগের আগে ইঙ্গিত দিয়েছিলেন, চ্যাম্পিয়নস লিগে এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। কিন্তু সতীর্থদের মরিয়া চেষ্টায় জুভেন্টাস ফিরতি লেগে ৩ গোল শোধ করে লড়াইটা জমিয়ে তুলেছিল। এমন মুহূর্তে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ করায় রেফারি লাল কার্ড দেখালেন বুফনকে!
রাগে-ক্ষোভে ফেটে পড়া চিরসবুজ এই গোলরক্ষককে মাঠ ছাড়তে দেখে অনেকেরই হয়তো খারাপ লেগেছে। বুফন মাঠ ছাড়ার সময় বার্নাব্যুর দর্শকেরা তো উঠে দাঁড়িয়ে সম্মান দেখালেন তাঁকে। চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে এটাই তাঁর শেষ ম্যাচ কি না, তা সময়ই বলে দেবে। তবে সত্যি সত্যিই শেষ ম্যাচ হয়ে থাকলে বুফনের এমন বিদায় কে চেয়েছে!

বুফনের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানও তাঁর এমন বিদায় চাননি। ফরাসি কিংবদন্তি অন্তত বুফনের কষ্টটা টের পাবেন। সেটা নিজের ক্যারিয়ার থেকেই। ২০০৬ বিশ্বকাপ ফাইনালে বুফনের ইতালির প্রতিপক্ষ ছিলেন জিদানের ফ্রান্স। সেই ম্যাচে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে লাল কার্ড দেখেই ইতি হয়েছিল জিদানের খেলোয়াড়ি জীবনের।
আর দশজন বুফন-ভক্তের মতো রিয়াল কোচের বিশ্বাস, ইতালির অন্যতম সেরা এ গোলরক্ষককে চ্যাম্পিয়নস লিগে আবারও দেখা যাবে। তবে লাল কার্ড দেখে বুফনের মাঠ ছাড়া জিদান মেনে নিতে পারেননি, ‘আমি মনে করি না এভাবে বেরিয়ে যাওয়াটা তাঁর প্রাপ্য ছিল। কিন্তু ব্যাপারটা তো আর শোধরানো যাবে না। ম্যাচের শেষে যা ঘটেছে, তা খেলাটির প্রতি বুফনের অবদানকে কোনোভাবেই বদলে দেবে না কিংবা কেড়ে নেবে না। সে দুর্দান্ত খেলোয়াড় এবং চ্যাম্পিয়নস লিগে সম্ভবত এটাই তাঁর শেষ ম্যাচ নয়।’

জিদানের মতো ক্রিস্টিয়ানো রোনালদোরও আশা, বুফন চ্যাম্পিয়নস লিগে ফিরে আসুক। ম্যাচ শেষে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সময় সাক্ষাৎকার দিচ্ছিলেন বুফন। রোনালদো এ সময় তাঁর পাশ দিয়ে যাচ্ছিলেন। বুফনকে বুকে জড়িয়ে ধরতে কার্পণ্য করেননি রিয়াল ফরোয়ার্ড। সংবাদমাধ্যমকে রোনালদো বলেছেন, ‘বুফনকে খুব শ্রদ্ধা করি। সে একজন কিংবদন্তি গোলরক্ষক এবং আশা করি, চ্যাম্পিয়নস লিগে এটাই যেন তাঁর শেষ ম্যাচ না হয়। সে সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক।’
রোনালদো-বুফনের শুভেচ্ছা বিনিময় মুহূর্তের ভিডিও লিংক: