এশিয়ার অন্যতম শীর্ষ দল বুসান আইপার্ক বাংলাদেশে আসছে ২৫ ডিসেম্বর। দুদিন পর ২৭ ডিসেম্বর তারা ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে।
কোরিয়ার দলটি নিজেরাই বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ জানিয়েছিল বাফুফের কাছে। বাফুফে তাতে সাড়া দিয়ে শেখ জামালকে খেলার আমন্ত্রণ জানায়। শেখ জামাল এটা লুফে নিয়েছে। কদিন আগেই ভুটানের কিংস কাপ জিতে এসে শেখ জামাল এখন টগবগে। দলটাও তৈরি। এ কারণেই শেখ জামালের সঙ্গে ম্যাচ খেলার প্রস্তাব বুসান আইপার্ককে দিয়েছিল বাফুফে।
এই সফরে আসা-যাওয়া, থাকা-খাওয়া সব খরচই অতিথি দল নিজেরাই বহন করছে। ম্যাচ দেখতে ২৬ ডিসেম্বর ঢাকায় আসছেন দক্ষিণ কোরীয় ফুটবল ফেডারেশনের সভাপতি।
বুসান আইপার্ক কে-লিগে চ্যাম্পিয়ন চারবার। এএফসি চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন ১৯৮৬ সালে। ওই বছরই ঘরে তোলে আফ্রো-এশিয়ান ক্লাব শিরোপা। এমন দল নিজেরাই উদ্যোগী হয়ে ঢাকা আসছে কেন? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলছিলেন, ঢাকায় মেসিসহ আর্জেন্টিনার মতো দেশ খেলে যাওয়ারই সুফল এটা।
ঢাকায় মাত্রই জাপানের যুবদল খেলে গেছে। সেই আমেজ থাকতে থাকতেই এশিয়ার শীর্ষ মানের একটা দল আসছে। শেখ জামাল কোচ মারুফুল হক তো ম্যাচটাকে দেখছেন মেঘ না চাইতে বৃষ্টির মতো।
হঠাৎ এসে পড়া সুযোগটা তাই কাজে লাগানোর প্রস্তুতিতে কাল নেমে পড়েছেন মারুফ। তবে পুরোদমে শুরু করতে পারেননি। মিডফিল্ডার জামাল ভূঁইয়া খানিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মামুনুল ইসলাম ভারতে। সমস্যা আছে আরও দু-একজন খেলোয়াড়ের।
এসব মাথায় নিয়েই প্রস্তুতিতে নামা মারুফ তবু সামনে তাকাচ্ছেন, ‘বুসান আইপার্ক এশিয়ার অন্যতম সেরা ক্লাব। দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের একজন খেলোয়াড় আছে এই দলের। বয়সভিত্তিক দলে খেলেছে চারজন। দলটিতে ব্রাজিলিয়ান খেলোয়াড় তিনজন। শক্তিশালী এই দলের সঙ্গে সঙ্গে ঘরের মাঠে আমরা ইতিবাচক ফুটবলই খেলব। ফল যা হওয়ার হবে। আসলে ফল নিয়ে ভাবার চেয়ে ম্যাচ থেকে প্রাপ্ত অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিতে চাই।’
মারুফের নিজের জন্যও এই ম্যাচটি অন্য রকম।