বৃত্ত ছোট হয়ে আসছে ব্ল্যাটারের?

নগর পুড়লে দেবালয় কি এড়ায়? ফিফা সভাপতির পদ থেকে সেপ ব্ল্যাটার সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই দিন আগে। এখন পর্যন্ত সরাসরি অভিযোগ ব্ল্যাটারের বিরুদ্ধে আসেনি বটে, কিন্তু চারপাশের বৃত্তটা যেন ক্রমেই ছোট হয়ে আসছে। ফিফার সাবেক নির্বাহী কমিটির সদস্য চাক ব্লেজারের স্বীকারোক্তি, সাবেক সহসভাপতি জ্যাক ওয়ার্নারের সবকিছু ফাঁস করে দেওয়ার হুমকি, ব্ল্যাটারের বিরুদ্ধে এফবিআইএর তদন্ত শুরু, ওয়ার্নারসহ অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি—তিরগুলো যেন ধীরে ধীরে বিদায়ী সভাপতির দিকেই এগিয়ে আসছে।
ওয়ার্নারের হুমকিটা একদম সরাসরিই ব্ল্যাটারের উদ্দেশে। যে নয়জন ফিফা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, তাঁদের অন্যতম ফিফার এই সাবেক সহসভাপতি। জুরিখের হোটেল থেকে গ্রেপ্তারের সময় অবশ্য সেখানে ছিলেন না, ছিলেন ত্রিনিদাদে, সেখানেই আদালতে আত্মসমর্পণ করেন। পরে জামিনে ছাড়া পেয়েছেন। দুর্নীতির অভিযোগ সাবেক কনক্যাকাফ সভাপতির বিরুদ্ধে নতুন নয়। এবার অভিযোগ এসেছে, ২০১০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাকে পাইয়ে দিতে ঘুষ নিয়েছিলেন ওয়ার্নার।

পরশু টিভি সিক্সকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, তাঁর কাছে এমন তথ্য আছে যেগুলো বাইরে এলে ফিফা বিশেষ করে ব্ল্যাটারকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ‘ফিফায় অর্থ লেনদেন কীভাবে হয়, এর সঙ্গে প্রেসিডেন্ট ব্ল্যাটার সাহেব কীভাবে জড়িত সবকিছুই আমি জানি। আমি বিভিন্ন দলিলের বিস্তারিত ও নির্ভরযোগ্য একটা সংকলন তৈরি করেছি। সেগুলো বিভিন্ন বিশ্বস্ত হাতে দিয়েছি। এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দেশকে যারা ধ্বংস করতে চায়, তিলে তিলে গড়া দেশের সুনাম যারা ধুলোয় মিশিয়ে দিতে চায়, তাদের কোনো তথ্য আমি গোপন রাখব না। আমার স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার তাদের কেউ দেয়নি। আমি নিজের জীবন নিয়ে ভয় পাচ্ছি।’ আভাস দিয়েছেন, সামনে আরও বড় কিছু আসছে, ‘মৃত্যুও সামনের বিশাল তুষারধস ঠেকাতে পারবে না। যা হওয়ার তা হয়েই গেছে। এখন পেছনে ফেরার আর কোনো পথ নেই।’
পেছনে ফেরার যে পথ নেই, সেটা চাক ব্লেজারের জবানবন্দি থেকেও বোঝা যাচ্ছে। কেঁচোটা খুঁড়েছিলেন কনক্যাকাফ অঞ্চলের সাবেক এই মার্কিন মহাসচিব। ব্লেজারের কর ফাঁকিসংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়েই এফবিআই হদিস পায় ফিফার দুর্নীতির। এই মার্কিন ফুটবল সংগঠকই পরে জানিয়েছেন, কীভাবে বিভিন্ন টুর্নামেন্টের টিভি স্বত্ব পাইয়ে দিতে অবৈধভাবে টাকা নিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়া জবানবন্দির একটা অংশ প্রকাশিত হয়েছে পরশু। সেখানেই ব্লেজার দুর্নীতির কথা স্বীকার করেছেন, ‘১৯৯৮ বিশ্বকাপ আয়োজনের জন্য টাকা নেওয়ার ব্যাপারে আমরা কয়েকজন ১৯৯২ সালের দিকে রাজি হই।’ ব্লেজার ঘুষ নিয়েছিলেন ওই বিশ্বকাপের আয়োজক হতে চাওয়া মরক্কোর কাছ থেকে। শেষ পর্যন্ত অবশ্য বিশ্বকাপ যায় ফ্রান্সে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘুষ নেওয়ার জন্য ফিফার নির্বাহী সদস্যদের সম্মতির কথাও স্বীকার করেছেন ব্লেজার। এর বাইরে ১৯৯৬, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০০৩ কনক্যাকাফ গোল্ডকাপের প্রচারস্বত্বের জন্য ঘুষ নেওয়ার কথাও জানিয়েছেন।
এসব কিছুর পর রাশিয়া ও কাতার বিশ্বকাপ নিয়ে একটু হলেও সংশয় উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মনে করেন না যে রাশিয়া বিশ্বকাপের আয়োজনস্বত্ব হারাবে, ‘ফিফাকে আমরা সহযোগিতা করে চলেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।’ কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আত্তিয়ার দাবি, ‘কাতার থেকে বিশ্বকাপ সরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।’ এএফপি, রয়টার্স।