বৃষ্টি আর মাঠ নিয়েই দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার মনে একটাই প্রশ্ন, ‘খেলা হবে তো?’ গত কয়েক দিনের ধারাবাহিকতায় কাল সকাল থেকেই কয়েক ঘণ্টা টানা বৃষ্টি। আজ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু নিয়ে শঙ্কায় পড়ে যাচ্ছিলেন অনেকে। তবে প্রথম পর্ব শেষ হওয়ার ৩৮ দিন পর দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে বলে খেলা পেছানোর পক্ষে নয় বাফুফে।
গত কয়েক দিনের বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ নরম। ভালো ফুটবলের জন্য ভালো মাঠ পূর্বশর্ত। তা পূরণ না হওয়া মানে খেলাও রং হারাবে। শেখ রাসেলের কোচ মারুফুল হক বললেন, ‘মাঠ নিয়েই আসলে সবচেয়ে বড় চিন্তায় আছি। বর্ষাকালে বৃষ্টি তো হবেই।’
দ্বিতীয় পর্বের খেলা হবে চট্টগ্রামেও। আগামীকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। এই ম্যাচ খেলতে কাল সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছে মোহামেডান কোচ জসিমউদ্দিন জোসি ফোনে হতাশা ব্যক্ত করলেন, ‘বৃষ্টিতে গত তিন দিন তো অনুশীলনই হলো না। মাঠের অবস্থা খারাপ, কোথায় অনুশীলন করব?’
অথচ দ্বিতীয় পর্বটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ারই কথা। প্রথম পর্বে ছয়টি দলের মধ্যে ছিল জমাট লড়াই। পাঁচটি দল পিঠোপিঠি। এই ধারাটা চলতে থাকলে দ্বিতীয় পর্ব আকর্ষণীয় হয়ে ওঠারই প্রতিশ্রুতি দেয়। ইফতারের আগে ও পরে দুটি ম্যাচ।
শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন নতুন দুই বিদেশি খেলোয়াড় নিয়ে শেখ জামাল ধানমন্ডি আজ বিকেল সোয়া ৪টায় নামছে ফরাশগঞ্জের বিপক্ষে। কোচ মারুফুল হককে বিদায় দিয়ে হঠাৎই এই পর্বের জন্য শেখ জামাল নিয়ে এসেছে তাদেরই সাবেক কোচ যোসেফ আপুসিকে। চ্যাম্পিয়নশিপ ধরে রাখার ব্যাপারে আপুসি খুবই আশাবাদী, ‘অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন হওয়া উচিত। কারণ প্রথম পর্বে আমরা এক নম্বর দল।’
শিরোপার আরেক দাবিদার শেখ রাসেল এই পর্বে ঘুরে দাঁড়াতে চাইবে। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেও প্রথম পর্বে শীর্ষে থাকতে না পারা দলটার জন্য ব্যর্থতাই। তাই কোচ দ্রাগান দুকানোভিচকে বিদায় দিয়ে দলে ফেরানো হয়েছে মারুফুল হককে। নতুন চ্যালেঞ্জটা উতরাতে আশাবাদী মারুফুল, ‘চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় আমরা আছি।’ শেখ রাসেল দ্বিতীয় পর্বে দলে নিয়েছে বসনিয়ান ফরোয়ার্ড ইবরিচ ও বিজেএমসিতে খেলা ইকাঙ্গাকে।
প্রথম পর্বের চমক ধরে রাখতে চায় দ্বিতীয় স্থানের অন্য দুই দল মোহামেডান ও ব্রাদার্স। মোহামেডান নিয়েছে দুজন ক্যামেরুনিয়ান খেলোয়াড়কে, এঁদের একজন ডিফেন্ডার, অন্যজন মিডফিল্ডার। এই দলগুলোর ঘাড়ের ওপর নিশ্বাস ফেলা মুক্তিযোদ্ধা গিনির এক মিডফিল্ডারকে নিয়ে বাড়িয়েছে শক্তি।
আবাহনীও ঘুরে দাঁড়াতে মরিয়া। ৬ পয়েন্ট পেছনে পড়ে যাওয়া আকাশি-নীলরা দলে নিয়েছে দুজন আফ্রিকান। ঢাকার মাঠে পরিচিত সানডে চিজোবার সঙ্গে এক গাম্বিয়ান। কোচ জর্জ কোটানের ভাষায়, ‘ওরা দুজনই নাম্বার নাইন।’ গোলখরায় ভুগতে থাকা আবাহনী মূলত স্ট্রাইকার খুঁজছিল। এই দুই স্ট্রাইকারকে নিয়ে কোটান বলছেন, ‘আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কাগজে-কলমে কিন্তু আছেই।’ বাস্তব সম্ভাবনার প্রশ্নে অস্ট্রিয়ান কোচ বাস্তববাদীই, ‘সব ম্যাচ জিততে হবে, তাহলে লড়াইয়ে থাকব। তারওপর এই পর্বের জন্য আমরা কোনো অনুশীলন ম্যাচই খেলতে পারিনি। বৃষ্টি আর মাঠ নিয়েও চিন্তায় আছি।’
বৃষ্টির ওপর কারও হাত নেই। তবে বৃষ্টি-বাধা পেরিয়ে কে হাসবেন শেষ হাসি? আপুসি, মারুফ, জোসি নাকি কোটান?