বৃষ্টিতে পরিত্যক্ত ফুটবল ম্যাচ
বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয়েছিল শেখ রাসেল-ফরাশগঞ্জ ম্যাচ। চার মিনিট ৩২ সেকেন্ড খেলা হওয়ার পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃষ্টির তীব্রতা বেড়ে গেল অনেক। দুই দলকে নিয়ে মাঠ ছাড়লেন রেফারি। বৃষ্টি না থামায় মাঠে আর ফেরা হলো না। নিয়ম অনুযায়ী এক ঘণ্টা অপেক্ষার পর প্রিমিয়ার ফুটবল লিগের কালকের একমাত্র ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ একই মাঠে বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচের বাকি সময়ের খেলা।
ম্যাচটা নিয়ে শুরু থেকেই চলছিল নাটক। শেখ রাসেল খেলতে চাইছিল না। কাদা মাঠে খেলোয়াড়েরা চোটে পড়বে, এই ছিল তাদের যুক্তি। তবে ম্যাচ আয়োজনে অনড়ই ছিল বাফুফে। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানল বাফুফেও।
ফেনী সকারের জয়: ঢাকায় ম্যাচ পরিত্যক্ত হলেও চট্টগ্রামে খেলা হয়েছে। এমএ আজিজ স্টেডিয়ামে সেই ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফেনী সকার। চট্টগ্রাম গিয়ে এর আগে ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা ড্র করে এসেছে। ঘরের মাঠের সুবিধা ভালোই কাজে লাগিয়ে আসছিল চট্টগ্রামের দলটি। তবে কাল আর পারল না। তুলনামূলক দুর্বল দলের কাছেই হারল। সকারের গোল দুটি করেছেন দুই বিদেশি জাত্তা মোস্তফা ও দাউদি সিসে।