বৃষ্টিতেও খেলা পেছানোর চিন্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিন্তু এবার ব্যতিক্রম, টানা বৃষ্টির মধ্যেও খেলা পেছানোর আওয়াজ তোলেনি কোনো ক্লাব। লিগ কমিটির সভায় ক্লাবগুলো বরং দ্রুত খেলা শুরুর তাগিদ দিয়েছে। টানা ক্যাম্প চালিয়ে আর্থিকভাবে নাকি আর কুলিয়ে উঠতে পারছে না ক্লাবগুলো। কেউ কেউ রসিকতা করে বলছেন, ক্লাবগুলোর অবস্থা এখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। যদিও প্রস্তুতিতে সমস্যা হচ্ছে দলগুলোর। মোহামেডানের কোচ সৈয়দ নইমুদ্দিন যেমন বললেন ঠিকমতো অনুশীলন করতে পারছেন না।

বাফুফেও আর খেলা পেছানোর কথা বলছে না। এখন উল্টো বৃষ্টি মাথায় নিয়ে খেলার সূচিও তৈরি করা হয়েছে। আগামীকাল বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ নবাগত সাইফ স্পোর্টিং। সন্ধ্যা পৌনে সাতটায় শেখ জামাল-মোহামেডান ম্যাচ।

তবে টানা বৃষ্টি হতে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। চট্টগ্রাম থেকে যেমন চট্টগ্রাম আবাহনীর ম্যাচগুলো আপাতত ঢাকায় সরিয়ে আনা হয়েছে। গতবারের লিগ রানার্সআপ দলটির প্রথম কয়েক রাউন্ড নিজেদের মাঠ, অর্থাৎ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে খেলার কথা ছিল। কিন্তু পানিতে ডুবে থাকা চট্টগ্রামে এই মুহূর্তে ফুটবল ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন চট্টগ্রাম আবাহনীর দলনেতা শাকিল মাহমুদ চৌধুরী, ‘চট্টগ্রামে এখন জীবনের সাধারণ চাহিদা মেটানোই কঠিন। খেলা তো পরের কথা। স্টেডিয়ামের অবস্থা খারাপ। গোটা শহর পানির নিচে। হালিশহরে আমাদের ক্যাম্পেও পানি। অনুশীলন করা যাচ্ছে না। তাই আপাতত আমরা ঢাকাতেই খেলব।’

এম এ আজিজে চট্টগ্রাম আবাহনীর প্রথম ম্যাচ ছিল ফরাশগঞ্জের সঙ্গে। এই ম্যাচ এখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে শনিবার। প্রথম চার রাউন্ড টানা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলার কথা চট্টগ্রাম আবাহনীর। প্রথম পর্বে তাদের পাঁচটি ম্যাচ নির্ধারিত ছিল এম এ আজিজে।

সব চাপ পড়ছে আসলে হাতের পাঁচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে, টানা বৃষ্টিতে এখন পানি না থাকলেও মাঠ নরম। আয়োজক বাফুফের আশা, আর বৃষ্টি না হলে খেলা চালাতে সমস্যা হবে না। তবে বৃষ্টি চলতে থাকলে এই মাঠে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন সম্ভব কি না, তা ভাবাচ্ছে সংশ্লিষ্টদের।

১২১টি ম্যাচ টিভিতে

লিগের মোট ১৩২টি ম্যাচের ১২১টিই দেখাবে বাংলা টিভি। কাল সাইফ গ্লোবাল স্পোর্টসের সঙ্গে এ ব্যাপারে চুক্তি হয়েছে তাদের।