বৃষ্টির কবলে আর্জেন্টিনা-ব্রাজিল
ঘুম ঘুম চোখে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার জন্য যাঁরা কাল ভোরে উঠেছেন, তাঁদের হতাশই হতে হয়েছে। বৃষ্টির কারণে যে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচটা পণ্ডই হয়ে গেছে। ঠিক পণ্ড বলা অবশ্য উচিত হলো না, স্থগিত বলা উচিত। এ লেখাটা যখন পড়ছেন, তখন হয়তো ম্যাচটা চলছে। আজ ভোর ছয়টায় ম্যাচটি আবার শুরু হওয়ার কথা।
বুয়েনস এইরেসে কদিন ধরেই তুমুল বৃষ্টি। এস্তাদিও মনুমেন্টাল হয়ে গিয়েছিল বড়সড় একটা পুকুর। খেলা স্থগিত না করে উপায় ছিল না। তবে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের অন্য ম্যাচগুলো অবশ্য হয়েছে। চিলি-কলম্বিয়া ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। আর ইকুয়েডরের কাছে উরুগুয়ে হেরে গেছে ২-১ গোলে।
চোটের কারণে বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচে দর্শক ছিলেন। দলে ফিরেই দলের ত্রাতা হামেস রদ্রিগেজ, রিয়াল মাদ্রিদ উইঙ্গারের দ্বিতীয়ার্ধের গোলেই মূল্যবান ১ পয়েন্ট পেয়েছে কলম্বিয়া। নিজেদের মাঠে আর্তুরো ভিদালের প্রথমার্ধের গোলে এগিয়ে গিয়েছিল চিলিই। এএফপি।