প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের রাতে অতিবৃষ্টিতে ম্যাচটা হয়নি। দলকে সমর্থন দিতে ম্যানচেস্টারে আসা বরুসিয়া মনশেনগ্লাডবাখের সমর্থকদের তখন হয়তো আশা ছিল, ম্যাচটি মাঠে গড়ালে ভালো কিছু হতেই পারে। কিন্তু হলো কী! ম্যানচেস্টার সিটির মাঠে পরশু চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে শুরু থেকেই উল্টো চাপে পড়ে গেল জার্মান ক্লাবটি। প্রথমার্ধের দুই গোলের পর ৭৭ মিনিটে হ্যাটট্রিক করে সিটিকে ৩-০ গোলে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। কত আর সহ্য করতে পারে মনশেনগ্লাডবাখ! ক্লাবের টুইটার অ্যাকাউন্ট থেকে মজা করেই তাই টুইট এল, ‘ম্যানচেস্টার সিটি, দয়া করে ঘোষণা করো যে বৃষ্টি এসেছে।’ ইঙ্গিত পরিষ্কার, ম্যাচটা ওখানেই শেষ করে দেওয়ার আকুতি। কিন্তু সিটি দয়া তো দেখালই না, উল্টো ম্যাচের যোগ করা সময়ে গোল করেছে আরও একটি। গোলডটকম।