বৃষ্টি-বিড়ম্বনায় শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন সাড়ে চার মিনিট খেলা হওয়ার পর বৃষ্টির বাধায় ম্যাচটা আর হয়নি। কাল অবশ্য শুরুই করা গেল না। শেখ রাসেল-ফরাশগঞ্জ মাঠে এসে ফিরে গেছে না খেলেই। বিকেল সাড়ে চারটায় শুরুর কথা ছিল, কিন্তু বৃষ্টি চলতে থাকায় এক ঘণ্টা পর নিয়ম অনুযায়ী খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন রেফারি। আবহাওয়া ভালো থাকলে প্রিমিয়ার লিগের এই ম্যাচটি আগামীকাল বিকেল সোয়া চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে।
টানা দুই দিন মাঠে এসে ফিরে যাওয়া—দুই দলের জন্যই এটি বিড়ম্বনার। বড় দল শেখ রাসেলের জন্য একটু বেশিই। তারা বড় বাজেটের দল গড়েও চ্যাম্পিয়ন হতে পারেনি, তবে রানার্সআপ হতে মরিয়া। এ কারণেই কাদামাঠে খেলতে আপত্তি করে আসছিল শেখ রাসেল। কোচ মারুফুল হক বললেন, ‘বৃষ্টির ওপর কারও হাত নেই। আমরা চাই ভালো মাঠে খেলতে। চ্যাম্পিয়ন তো হতে পারলাম না, এখন রানার্সআপ হওয়ার সব চেষ্টাই করব।’