বৃহস্পতিবারে সানডে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ জ্বলে উঠলেন সানডে। ছবি: প্রথম আলো
আজ জ্বলে উঠলেন সানডে। ছবি: প্রথম আলো

স্ট্রাইকার সানডে চিজোবাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিভিন্ন ক্লাবের হয়ে পাঁচ মৌসুম ধরে বাংলাদেশের ফুটবলে আছেন। তবে এবারই প্রথম লম্বা ঝুঁটি বাঁধা চুলে সানডের আগমন। নতুন চুলের স্টাইলে দেখা পাওয়া যাচ্ছিল না সেই পুরোনো সানডেকে। অবশেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বলে উঠলেন নাইজেরিয়ান স্ট্রাইকার। তাঁর জোড়া গোলে রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে আবাহনী।

সানডে মানেই ডান প্রান্ত দিয়ে আড়াআড়ি ঢুকে বক্সের ওপর থেকে দূরের পোস্টে প্লেসিংয়ে বল জালে জড়ানো। কিন্তু এবার কিছুতেই দেখা যাচ্ছিল না সেই ট্রেডমার্ক গোল। অবশেষে আজ দ্বিতীয় গোলটায় কিছুটা পাওয়া গেল সেই রেশ। প্রতিপক্ষ ডিফেন্ডার সাদ্দামের ভুলের সুযোগ নিয়ে ডান প্রান্ত দিয়ে গতিতে বক্সে ঢুকে গোলরক্ষক রাজীবকে ইনসাইড ডজে শুইয়ে প্লেসিংয়ে গোল।
সানডের প্রথম গোলটি ছিল ফলো থ্রুতে থাকার ফল। ১৮ মিনিটে সাদউদ্দিনের ক্রসে রহমতগঞ্জের ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলরক্ষকের হাতে গেলে ফসকে যায়। সেখান থেকে টোকা দিয়ে গোলের খাতা খুলেছেন।
সানডের জোড়া গোলের পর রহমতগঞ্জকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন আফিজ ওলাদিপো। ৫৫ মিনিটে এই নাইজেরিয়ান ২-১ করেছিলেন। কিন্তু তিন মিনিট পরই ৩-১ করেছেন নাবিব নেওয়াজ জীবন। রুবেল মিয়ার ক্রস হেড দিয়ে গোলমুখে নামিয়ে দিলে সেখান থেকে মাথা ছুঁয়ে গোলটি করেন জীবন।
ম্যাচে মোট গোল হয়েছে চারটি। কিন্তু সানডের জোড়া গোল দুটিই বেশি উজ্জ্বল। লিগের দ্বিতীয় পর্বে আবাহনীতে ফিরেছেন গত মৌসুমের সেরা গোলদাতা। চার ম্যাচ খেলে ছয় গোল হলো তাঁর। আগের চার গোলের দুটি ছিল পেনাল্টি থেকে। অবশেষে আজকের বৃহস্পতিবারে এসে পাওয়া গেল সানডেকে!
এই জয়ে লিগে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। আর ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে রহমতগঞ্জ। সমান ম্যাচ নিয়ে ৪২ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর। দুই আবাহনীর মধ্যে বেশ জমে উঠেছে শিরোপার লড়াই।