বেঁচে গেল বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সূচক গোলের পর জর্দি আলবা। পাশে সুয়ারেজ ও নেইমার। ছবি: এএফপি।
জয়সূচক গোলের পর জর্দি আলবা। পাশে সুয়ারেজ ও নেইমার। ছবি: এএফপি।

লা লিগায় পরপর দুই খেলায় জিততে পারেনি বার্সেলোনা। আলমেইরার বিপক্ষে হারের হ্যাটট্রিকটা পূরণ হবে নাকি! প্রবল আশঙ্কার মাঝে লুইস সুয়ারেজ ত্রাণকর্তা হয়ে এই যাত্রায় সেই লজ্জা থেকে বাঁচিয়েছেন তাঁর ক্লাবকে। পিছিয়ে পড়েও আলমেইরাকে ২-১ গোলে হারিয়ে দুই ম্যাচ পর আবার জয়ের ধারায় ফিরেছে এনরিকের শিষ্যরা। সুয়ারেজের সহায়তা থেকে বার্সার পক্ষে গোল দুটি করেছেন ব্রাজিলীয় তারকা নেইমার ও জর্দি আলবা। আলমেইরাকে খেলার প্রথমার্ধেই এগিয়ে নিয়েছিলেন থিভি বিফোউমা। 
স্প্যানিশ লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তেলমো জারার পাশে বসতে লিওনেল মেসির অপেক্ষাটা বেড়েছে আরও। গোটা তিনেক গোলের সুযোগ নষ্ট করা মেসির এই ব্যর্থতাটা অবশ্য ঢাকা পড়ে গেছে দুই ম্যাচ পর মহামূল্যবান এক জয়ে।
এনরিকে ঠিক কী মনে করে সুয়ারেজ ও নেইমারকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন সেটা বোধগম্য নয়। মেসির সঙ্গী হিসেবে পেদ্রো রদ্রিগুয়েজ ও মুনির এল হাদ্দাদির অন্তর্ভুক্তি তেমন কোনো প্রভাব তৈরি করতে পারেনি। আলমেইরার গোলরক্ষক মার্টিনেজ মুনির ও মেসির দুটি গোলের সুযোগে বাগড়া দেন খেলার প্রথমার্ধেই।
খেলার ৩৭ মিনিটে আলমেইরাকে ১-০ গোলে এগিয়ে দেন বিফোউমা। আলমেইমার অর্ধে মেসি একটি বলের দখল হারানোই ছিল গোলটির উৎ​সমূল। মেসির কাছ থেকে বল নিয়ে জোনাথন সোরিয়ানো লম্বা পাস বাড়ান বিফোউমার দিকে। নিজের পায়ে বল নিয়ে বার্সেলোনা ডিফেন্ডার বারত্রাকে পেছনে ফেলে দারুণ ঠান্ডা মাথায় গোলটি করেন গতিময় ওই বিফোউমা।
পিছিয়ে পড়ে এনরিকে ক্ষণিকের জন্য হতবুদ্ধি হলেও সঠিক সিদ্ধান্তটি নিয়ে নেন তাৎ​ক্ষনাৎ​ই। মাঠে নামান সুয়ারেজ ও নেইমারকে। এই দুই সেরা ফরোয়ার্ডের উপস্থিতি দলের আক্রমণকে উজ্জীবিত করে দারুণভাবেই।
খেলার ৭৩ মিনিটে সুয়ারেজের পাস থেকে বল পেয়ে বার্সেলোনাকে খেলায় ফিরিয়ে আনেন নেইমার। এর​ পরপর বার্সেলোনার জার্সি গায়ে নিজের প্রথম গোলটি প্রায় করেই ফেলেছিলেন সুয়ারেজ। তাঁর শটটি অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।
মেসিকে তেলমো জারার পাশে প্রায় বসিয়েই দিয়েছিলেন ওই সুয়ারেজ। উরুগুইয়ান ফরোয়ার্ডের তুলে দেওয়া বলে মেসির হেডটি ক্রসবারে লেগে প্রতিহত হয়।
খেলা শেষ হওয়ার আট মিনিট আগে বার্সেলোনাকে রক্ষা করেন আলবা। ডান প্রান্ত থেকে সুয়ারেজের বাড়ানো বলে বাম দিক দিয়ে ছুটে এসে পা লাগিয়ে জয়সূচক গোলটি করেন আলবা।
দলের পারফরম্যান্সে আজ স্বভাবতই তুষ্ট হতে পারেননি কোচ এনরিকে। তারপরেও ম্যাচ শেষে তাঁর কণ্ঠে ছিল জয়ের স্বস্তি, ‘খেলার প্রথমার্ধটা ছিল যাচ্ছেতাই। দ্বিতীয়ার্ধে অন্তত খেলোয়াড়েরা লক্ষ্যটা ঠিক রাখতে পেরেছিল। মৌসুমে সাফল্য পেতে হলে অনেক সময় খারাপ খেলেও ম্যাচ জিততে হবে, আজ সেটাই করেছি আমরা। জয় পেলেও দলের পারফরম্যান্সে আমি খুশি হতে পারছি না।’ সূত্র: এএফপি।