বেকহাম থেকে মেসি-রোনালদো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহে ইউনিসেফের প্রীতি ম্যাচ। পরশু রাতে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে খেলার কথা ছিল জিনেদিন জিদানের। খেলতে আসেননি ‘জিজু’। কী করে আসবেন, আগের দিন প্যারিসে হয়ে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার মানসিক ধাক্কাই যে সামলে উঠতে পারেননি কিংবদন্তি ফরাসি ফুটবলার।
জিদান ছাড়াও এ ম্যাচে খেলার কথা ছিল ফ্রান্সের আরেক সাবেক ফুটবলার প্যাট্রিক ভিয়েরার। কিন্তু তাঁর মানসিক অবস্থাও যে একই রকম! ম্যাচটা অবশ্য হয়েছে নির্ধারিত সূচি অনুযায়ীই। তবে সেটির আবহজুড়ে ছিল প্যারিসে সন্ত্রাসী হামলায় হারানো স্বজনদের জন্য সহমর্মিতা। ম্যাচ শেষেও গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড একাদশের অধিনায়ক ডেভিড বেকহাম বলেছেন, ‘আজ আমরা যারা এখানে খেলেছি এবং যারা এই ম্যাচের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন, সবার আন্তরিক সমবেদনা থাকল প্যারিসে স্বজন হারানো সবার প্রতি। আমাদের হৃদয়ও কাঁদছে তাঁদের জন্য।’
শুধু ম্যানচেস্টারেই নয়, সাও পাওলো থেকে সাংহাই, লন্ডন থেকে প্রাগ—গোটা ক্রীড়াবিশ্বই ছিল প্যারিসের সেই ভয়াবহ হামলার শোকে মুহ্যমান। শোক ছুঁয়ে গেছে বিশ্ব ফুটবলের এ সময়ের সবচেয়ে বড় দুই তারকাকেও। ভয়ংকর এই হামলায় হতাহতদের প্রতি সমব্যথী বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি পরশুই তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘গতকালের হামলার শিকার মানুষগুলো ও তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি। অন্য যেকোনো সময়ের চেয়ে জোরালোভাবে আরেকবার বলতে চাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও শান্তিই একমাত্র পথ। সেটি অর্জনে পুরো বিশ্বকে একজোট হতে হবে।’ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ও পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও ফেসবুকে লিখেছেন, ‘প্যারিসে ভয়াবহতার সময়ে আমি উদাসীন থাকতে পারি না। হামলার শিকার লোকজন ও তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

>ফ্রান্সের এমন বিহ্বল সময়ে এখন লাসানা দিয়ারার লড়াই নিকটাত্মীয় হারানোর শোকের সঙ্গেও। প্যারিসের হামলায় প্রাণ হারিয়েছেন দিয়ারার বোন আস্তা দিয়াকিতে

ফ্রান্সের স্টেডিয়ামের বাইরে যখন বোমা হামলা চলছে, জার্মানির সঙ্গে তখন মাঠে লড়ছিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার লাসানা দিয়ারা। আর পুরো ফ্রান্সের এমন বিহ্বল সময়ে এখন তাঁর লড়াই নিকটাত্মীয় হারানোর শোকের সঙ্গেও। প্যারিসের হামলায় প্রাণ হারিয়েছেন দিয়ারার বোন আস্তা দিয়াকিতে। দিয়ারার ভাষায় বড় বোনের ভালোবাসায় যিনি সব সময়ই জুগিয়ে গেছেন সমর্থন। ব্যক্তিগত শোকের কথা জানিয়ে টুইটারে অলিম্পিক লিওঁর মিডফিল্ডার লিখেছেন, ‘এই ভয়াবহ সময়ে, আমরা যাঁরা দেশকে প্রতিনিধিত্ব করছি, সবার উচিত কথা বলা। একসঙ্গে থেকে বীভৎস এ ঘটনার সামনে দাঁড়ানো, যার কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই। এক হয়েই ভালোবাসা, সম্মান ও শান্তি রক্ষা করতে হবে।’
যে শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে সেই শহরেরই ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইয়ের হয়ে চার মৌসুম ধরে খেলছেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। ইউরোর প্লে-অফে পরশু সুইডেন-ডেনমার্ক ম্যাচের পরে আবেগাপ্লুত ইব্রাও, ‘যাঁরা চলে গেছেন এবং যাঁরা স্বজন হারিয়েছেন সবার প্রতি আমার সহমর্মিতা।’
শোকে মুহ্যমান এ গ্রহের দ্রুততম মানব উসাইন বোল্ট টুইট করেছেন, ‘প্যারিসে হামলার ঘটনায় অনেক দুঃখ পেয়েছি। হামলার শিকার মানুষগুলো ও তাঁদের কাছের লোকজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ এএফপি, রয়টার্স।