বেকহামের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন একসঙ্গে খেলেছেন তিন বছরেরও বেশি। জিনেদিন জিদান ও ডেভিড বেকহাম রিয়াল মাদ্রিদে সতীর্থের চেয়েও বেশি কিছু ছিলেন। বন্ধু যখন নিজের সাবেক ক্লাবের কোচ হয়েছেন, বেকহাম তো অভিনন্দন না জানিয়ে পারেন না! শুধু বেকহাম নন, রিয়াল মাদ্রিদের নতুন কোচকে শুভকামনা জানিয়েছেন দিদিয়ের দ্রগবা ও জাবি আলোনসোদের মতো আরও অনেকেই।
‘এর চেয়ে ভালো কিছু কি আর হতে পারত?’—ইনস্টাগ্রামে বেকহামের প্রথম বাক্যটাই উচ্ছ্বাসটা জানিয়ে দিচ্ছে। জিদানকে খুব কাছ থেকেই দেখেছেন। রিয়ালের নতুন কোচকে নিয়ে তাই কোনো সংশয় নেই বেকহামের, ‘আমাদের সবার প্রিয় খেলার সেরাদের একজন সে। এমন একটা ক্লাবের দায়িত্ব নিচ্ছে, যেটি আমার তো বটেই, আরও অনেকেরই প্রিয়। ওর মধ্যে নিবেদনের অভাব নেই, ব্যর্থতাও সে একদমই মেনে নেয় না। আমার মনে হয়, এই কাজের জন্য সে-ই সেরা।’
বেকহামের মতোই জিদানের ডাগ–আউটে সাফল্যের অপেক্ষায় সাবেক ফ্রেঞ্চ সতীর্থ বিজেন্তে লিজারাজুও, ‘ওর জন্য আমি খুবই খুশি, কারণ সে এখন কোচিং ক্যারিয়ারে পুরোপুরি মন দিয়েছে।’ জিদানের সঙ্গে পেপ গার্দিওলারও তুলনা করেছেন, ‘জিজু আমাকে পেপ গার্দিওলাকে মনে করিয়ে দিচ্ছে। দুজনের শুরুটা একই রকম, আশা করি জিদানও একই রকম সাফল্য পাবে।’
তবে জিদানকে নিয়ে নিঃসংশয় হতে পারছেন না রিয়ালের সাবেক সভাপতি র্যামন ক্যালদেরন, ‘আমি জিদানকে শুভকামনা জানাচ্ছি, কিন্তু কাজটা হবে কঠিন। ওর অভিজ্ঞতা কম, সমস্যা এটাই।’ এমনকি হোসে মরিনহোকেও আবার রিয়ালের ডাগআউটে দেখতে পাচ্ছেন, ‘ও (জিদান) সফল না হলে মরিনহো জুনে আবার ফিরবে, এই ব্যাপারে আমি নিশ্চিত।’ রয়টার্স।