বেকহামের রক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বাঁচাই বেঁচে গেছেন ডেভিড বেকহাম। ছেলেসহ সড়ক দুর্ঘটনায় পড়েছিলেন। তবে বড় কোনো চোট পাননি সাবেক ইংলিশ অধিনায়ক, সুস্থ আছেন তাঁর ছেলে ব্রুকলিনও।
১৫ বছর বয়সী ব্রুকলিন খেলে আর্সেনালের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে। পরশু আরেক ইংলিশ ক্লাব ব্রাইটনের অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে একটা ম্যাচ ছিল আর্সেনাল অনূর্ধ্ব-১৬ দলের। ব্রুকলিন সে ম্যাচে খেলেছেও। ম্যাচের পরই তাকে নিতে আসেন বাবা বেকহাম। কিন্তু উত্তর লন্ডনের হার্টফোর্ডশায়ারে আর্সেনালের অনুশীলন মাঠের বাইরের রাস্তায় আকস্মিক বেকহামের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় অন্য একটি গাড়ির। ব্রুকলিন বা বেকহাম দুজনের কেউই বড় কোনো চোট পাননি। তবে অডি গাড়িটির ভালোই ক্ষতি হয়েছে। বেকহামের এক পারিবারিক বন্ধু ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে বলেছেন, ‘গাড়ির বেশ ভালোই গতি ছিল, ওরা খুব বড় ধাক্কা খেয়েছে। তবে দুর্ঘটনায় কেউ আহত হয়নি, সবাই ভালো আছে।’ আরোহীদের নিরাপত্তার জন্য গাড়িতে থাকা এয়ারব্যাগ তাদের রক্ষা করেছে বলেও জানান তিনি।
ব্রুকলিনের মতো বেকহামের অন্য দুই ছেলে রোমিও (১২) ও ক্রুজও (৯) খেলে আর্সেনালের বয়সভিত্তিক দলে। রয়টার্স।