বেকার হয়ে যাওয়া সেই মেন্দিই এখন চেলসির দেয়াল
বেশি না, বছর ছয়েক আগের কথা।
এখন পঞ্চম বিভাগে খেলা এএস শারবোর্গের কর্তাব্যক্তিদের কাছে মনে হলো, দলের সেনেগালিজ গোলকিপার ঠিক তাঁদের দলে খেলার যোগ্য নন। যেই ভাবা, সেই কাজ। চুক্তি নবায়ন করা হলো না সাড়ে ছয়ফুট উচ্চতার গোলকিপার এদুয়ার্দ মেন্দির সঙ্গে।
চাকরি হারিয়ে মেন্দির তখন মাথায় হাত। কোথায় যাবেন? কী করবেন? শারবোর্গ তাঁর ওপর আস্থা রাখেনি, হঠাৎ মনে হলো হয়তো ফুটবল খেলাটাই তাঁর জন্য নয়। ফুটবল-স্বপ্ন বিসর্জন দেওয়ার সিদ্ধান্তটা মোটামুটি নিয়েই ফেললেন। অন্য চাকরি খোঁজা শুরু করলেন। চেলসি-ভক্তদের কাছে এখন মনে হতেই পারে, ‘ভাগ্যিস, ফুটবল ছেড়ে অন্য কোথাও চলে যাননি মেন্দি!’
মেন্দি যদি ফুটবল ছেড়ে দিতেন, তাহলে চেলসির রক্ষণকে কে এত নির্ভরতা দিত? পেছনে মেন্দি ছিল বলেই তো চেলসির রক্ষণ নির্ভার হয়ে খেলেছে। তাদের চ্যাম্পিয়নস লিগ–গৌরবের পেছনে রক্ষণের ভূমিকা যে অসামান্যই।
অথচ চেলসি কিন্তু প্রথমে আস্থা রেখেছিল কেপা আরিজাবালাগার ওপরই। থিবো কোর্তোয়া রিয়াল মাদ্রিদে পাড়ি দেওয়ার পর সাত কোটি পাউন্ডের বেশি খরচ করে অ্যাথলেটিক বিলবাও থেকে স্প্যানিশ গোলকিপার কেপাকে আনা হলেও পরে বোঝা গেল, কেপার মান অত ভালো নয়। নিয়মিত ভুল করেন, যার মাশুল দেয় চেলসি। মৌসুম শুরুর আগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তাই একটা সিদ্ধান্ত নিয়েই ফেললেন। কেপাকে সরিয়ে দলে নতুন গোলকিপার আনতে হবে। নয়তো কপালে দুঃখই আছে তাদের।
সিদ্ধান্ত বাস্তবায়নে ল্যাম্পার্ডকে সাহায্য করলেন বন্ধু পিওতর চেক। যে চেক খেলোয়াড়ি জীবনে ল্যাম্পার্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক শিরোপা জিতিয়েছেন লন্ডনের নামকরা নীল ক্লাবটিকে। স্টামফোর্ড ব্রিজে তাঁদের কত মধুর স্মৃতি। নিজে যে ক্লাব থেকে চেলসিতে এসেছিলেন, সেই রেনেঁর দিকে হাত বাড়ালেন মেন্দির জন্য। ও, বলে রাখা ভালো, তত দিনে শারবোর্গ ছেড়ে মার্শেই-রিম হয়ে মেন্দি রেনেঁর মূল গোলকিপার। হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছেন।
ঠিক কতটা ফিরে পেয়েছিলেন, সে প্রমাণ চেলসি ভক্তরা পেয়েছেন সপ্তাহে-সপ্তাহে। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে। ১২ ম্যাচ খেলে ৯টিতেই কোনো গোল খাননি ২৯ বছর বয়সী এ গোলকিপার। ক্যারিয়ারে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে এসে এর আগে কোনো গোলকিপার এত বেশি ম্যাচে গোল না খেয়ে থাকেননি। নকআউট পর্বে পোর্তো আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে দুটি গোল খেয়েছেন, সে গোল দুটি স্বয়ং লেভ ইয়াশিন এলেও আটকাতে পারতেন কি না, সন্দেহ!
মেন্দির আগে মাত্র দুজন গোলকিপার চ্যাম্পিয়নস লিগে নয়টির বেশি ম্যাচে গোল না খেয়ে ছিলেন। এ তালিকায় ভ্যালেন্সিয়ার কিংবদন্তি স্প্যানিশ গোলকিপার সান্তিয়াগো ক্যানিজারেস ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলকিপার কেয়লর নাভাসের পাশেই আছেন মেন্দি। মেন্দি আরও একটা কীর্তি গড়েছেন। তিনিই প্রথম আফ্রিকান গোলকিপার, যিনি চ্যাম্পিয়নস লিগ জয়ের গৌরব নিজের করে নিলেন।
অবশ্য ইউরোপিয়ান কাপের যুগ হিসাব করলে ভিন্ন কথা, তখন তালিকায় লিভারপুলের সাবেক গোলকিপার ব্রুস গ্রোবেলারের নামটাও চলে আসে। শুধু তা–ই নয়, এর আগে কোনো আফ্রিকান গোলকিপার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল না খেয়ে থাকেননি, যেটা করে দেখিয়েছেন এই মেন্দি।
২০১৫ সালের সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে হেরে গিয়ে মেন্দি যদি ফুটবল ছেড়ে দিতেন, এ সাফল্য কি আসত? মেন্দির গল্পটা তাই ঘুরে দাঁড়ানোর। যত যা-ই হোক না কেন, গল্পটা যেকোনো মূল্যে নিজের স্বপ্ন বাস্তবায়নের।