'বেকুব' বানিয়ে রাখা হয় ফুটবলারদের

>চব্বিশ ঘন্টা ফুটবলে মগ্ন থাকার কারণে ফুটবলারদের যে কত অসুবিধা হয়, সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন জার্মান উইঙ্গার আমিন ইউনেস
রোনালদিনহো, ইমানুয়েল এবুয়ে, পল গ্যাসকোয়েন, ডেভিড জেমস, ডিয়েগো ম্যারাডোনা, ব্র্যাড ফ্রিডেল, জন আর্ন রিসা।এই ফুটবলারদের মধ্যে মিল কোথায়?
খালি চোখে ধরা পড়বে না হয়তো। তবে ফুটবলের খোঁজখবর রাখলে নিশ্চয়ই জানেন, এই তারকা ফুটবলারেরা কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করেও কোনো না কোনো সময়ে একদম পথের ফকির হয়ে গিয়েছিলেন।
শুধু তারাই নন। অধিকাংশ ফুটবলারই ক্যারিয়ার শেষ করে অর্থকষ্টে ভোগেন। কেন? মূল কারণ হিসেবে দায়ী করা যেতে পারে তাদের খামখেয়ালীপনাকে। তবে আরও একটি কারণের কথা উল্লেখ করেছেন ইতালিয়ান ক্লাব নাপোলির জার্মান উইঙ্গার আমিন ইউনেস। পর্যাপ্ত শিক্ষার অভাব।
কীভাবে টাকাপয়সা সামলে রাখতে হয় এ ব্যাপারে অধিকাংশ ফুটবলারেরই জ্ঞান নেই বলে মনে করেন এ জার্মান তারকা,
‘আমরা যারা ফুটবল খেলি, তাদের বেকুব বানিয়ে রাখা হয়। আমাদের জীবনের মোটামুটি সব কিছুই অন্য কেউ দেখভাল করে। কারণ সারাক্ষণ ফুটবল নিয়ে থাকার পর ডানে-বাঁয়ে তাকানোর অবস্থা থাকে না।’
অনেক ফুটবলার ব্যাংকে সহজ লেনদেনের কাজটাও করতে পারেন না বলে জানিয়েছেন এই উইঙ্গার, ‘হ্যাঁ, জুতা পরিষ্কারের মতো সহজ কাজ আমরা করতে পারি। তবে আমাদের অধিকাংশই নিজেদের টাকাপয়সার হিসাব রাখতে পারি না। অনেক ফুটবলারই জানে না সেভিংস অ্যাকাউন্ট কী জিনিস।’
ফুটবল ছাড়া অন্য কিছু না বোঝায় ক্যারিয়ারের শুরু থেকেই অনেক প্রতিভাবান ফুটবলারের সঙ্গী হয় ‘বসন্তের কোকিল’রা। তাঁরা সুযোগ পেলেই ফুটবলারের অর্থ শোষণ করে বেঁচে থাকে। এ কারণে নিজেদের খেয়াল নিজেদেরই রাখতে হবে বলে মনে করেন ইউনেস, ‘প্রতিভা আছে বলে লেবুর মতো তরুণ ফুটবলারদের কচলে সুযোগ সুবিধা নেওয়া উচিত না। তাদের সম্ভাব্য সকল উপায়ে সাহায্য-সহযোগিতা করা উচিত। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একজন খেলোয়াড়কে বেতনের অর্ধেক দেওয়া উচিত, বাকিটা অন্য অ্যাকাউন্টে পাঠানো যেতে পারে। যে অর্থ ক্যারিয়ার শেষ হলেই শুধু ব্যবহার করতে পারবে।’
জার্মান ক্লাব বরুশিয়া মুনশেনগ্লাদবাখের অ্যাকাডেমিতে ক্যারিয়ার শুরু করা এই তারকা কিছুদিন পরই যোগ দেন ডাচ ক্লাব আয়াক্সে। সেখান থেকে এখন আছেন নাপোলিতে।