বেঙ্গালুরুতেও হার আবাহনীর
বেঙ্গালুরু এফসির বিপক্ষে কাল আবাহনী জিতলে সেটা বড় চমকই হতো। ড্র করলেও হতো জয়ের সমান। ভাঙাচোরা আবাহনীর জন্য হারই বরং ছিল স্বাভাবিক ফল। অনুমিতভাবে তৃতীয়টাই হয়েছে। এএফসি কাপে তৃতীয় ম্যাচেও আবাহনীকে পেতে হয়েছে হারের তেতো স্বাদ।
ঢাকায় মালদ্বীপের মাজিয়ার সঙ্গে ৭০ ভাগ বল পজেশন রেখেও ২-০ গোলে হার। দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের সঙ্গে আগে গোল করেও ৩ গোল হজম। বেঙ্গালুরুর মাঠে হারের ব্যবধান ২-০। তবে স্বাগতিকেরা জিততে পারত আরও বড় ব্যবধানেই।
পাঁচ ডিফেন্ডার নিয়েও শেষ রক্ষা হয়নি আবাহনীর। দুই পাশে ওয়ালী ও মামুন মিয়া। স্টপারে রায়হান, নাসিরউদ্দিন ও নবীন টুটুল হোসেন বাদশা। সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডে ইয়াছিনকে নিয়ে কার্যত ছয়জনের দেয়াল তুলেও সফরকারীরা চাপের মুখেই ছিল।
জীবন ও সোহেল রানা বিচ্ছিন্নভাবে দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এটুকু বাদ দিলে আবাহনীর খেলায় বলার মতো তেমন কিছুই ছিল না। সুনীল ছেত্রীরা বরং বারবার পরীক্ষা নিয়েছেন আবাহনী গোলরক্ষক সোহেলের।
৪০ মিনিটে ডেনিয়েল ও ছেত্রী আড়াআড়ি পাস খেলে ঢুকে পড়েন আবাহনীর বক্সে। কোনাকুনি শটে ভারতীয় যুবদলের ফরোয়ার্ড নিশু কুমারের লক্ষ্যভেদ। গোল বাড়াতে মরিয়া বেঙ্গালুরু ৮২ মিনিটে করেছে ২-০। বদলি নেমেই সার্বিয়ান ফরোয়ার্ড মারজান জোকোভিচ বক্সের ভেতর থেকে শট নিলেন, সোহেলের হাতে লেগে বল ক্রসবারে গোত্তা খেয়ে গোলের ভেতরে।
টানা হেরে এএফসি কাপ থেকে একরকম বিদায়ই দেখছে পয়েন্টশূন্য আবাহনী। শীর্ষে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ৯। ৩ মে আবাহনীর চতুর্থ ম্যাচ ঢাকায় এই বেঙ্গালুরুর বিপক্ষেই।