বেঙ্গালুরুর সামনে ভাঙাচোরা আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙাচোরা একটা দল নিয়ে এএফসি কাপে লড়াই করে চলেছে আবাহনী। আগের দুটি ম্যাচেই হার, আজ গ্রুপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসি, যারা গ্রুপ পর্বে দুটি ম্যাচই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
পরশু সকালে বিমানে কলকাতা পৌঁছে বেলা তিনটায় মাত্র ১০ জন ফুটবলার নিয়ে বেঙ্গালুরু পৌঁছায় আবাহনী। অন্যদের বেঙ্গালুরু যেতে হয়েছে বিকেলের ফ্লাইটে। অনুশীলন তাই একদমই মনের মতো হয়নি আবাহনীর। ডিফেন্ডার সামাদ ইউসুফ তো ভিসা না পেয়ে যেতেই পারেননি। কাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় ভিসার অপেক্ষায় ছিলেন ঘানাইয়ান ফুটবলার। ভিসা পেলে আজ বেঙ্গালুরু গিয়ে মাঠে নামার কথা সামাদের। বাবার মৃত্যুর কারণে মিডফিল্ডার প্রাণতোষ দাসও যেতে পারেনি ভারতে।
আবাহনী ঢাকায় প্রথম ম্যাচে মালদ্বীপের দল মাজিয়ার কাছে হেরেছে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছে কলকাতায়। আর বেঙ্গালুরু এফসি প্রথম ম্যাচে মোহনবাগানের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর মাজিয়াকে হারিয়েছে ১-০ গোলে।