প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম তো নয়, পাঁচ বছর ধরে ক্লাবে আছেন। বয়স মাত্র ২০, থাকতে পারতেন আরও অনেক দিনই। যে সম্ভাবনা নিয়ে এসেছেন, তাতে রাহিম স্টার্লিংকে রাখতে লিভারপুলেরও আপত্তি থাকার কথা নয়। সমর্থকদের মধ্যেও এই তরুণ উইঙ্গার কম জনপ্রিয় নন। অথচ সেই স্টার্লিংকেই কি না অল রেড সমর্থকদের দুয়ো শুনতে হলো! তাও আবার ক্লাবের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার নিতে গিয়ে। গত বছরও এই পুরস্কার পেয়েছিলেন, সেবার তো এমন হয়নি। সমস্যাটা আসলে অন্য জায়গায়। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে স্টার্লিং লিভারপুল ছাড়তে পারেন। পরশু ব্রিটিশ সংবাদমাধ্যমে রটে গেল, ইংলিশ উইঙ্গার নিজেই লিভারপুলকে এমন অনুরোধ করেছেন। স্বাভাবিকভাবেই সমর্থকেরা ব্যাপারটা মেনে নিতে পারেনি। নয়নের মণি থেকে স্টার্লিং হয়ে গেলেন চোখের বালি! মিরর।