বেঞ্চ গরম করব না, হুঁশিয়ারি নেইমারের

বার্সেলোনা নিশ্চয়ই খুশি হয়েছে। কিন্তু খুশি হতে পারছেন না নেইমার। কাল কোস্টা রিকার বিপক্ষে শেষ ১০ মিনিটে খেলেছেন। অনুশীলনে চোট পেয়েছিলেন। তাঁকে সাবধানেই হয়তো ব্যবহার করতে চেয়েছেন কার্লোস দুঙ্গা। কিন্তু কোচকে নেইমার বেশ কড়া বার্তাই দিলেন। বেঞ্চে বসে থাকার কোনো ইচ্ছা তাঁর নেই।
গত কোপা আমেরিকায় জাতীয় দলের অধিনায়ক ছিলেন। যদিও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে লাল কার্ড দেখার পাশাপাশি চার ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন। ওই ম্যাচে নেইমারের ‘অপরিণত’ আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন দুঙ্গা। কাল প্রথম একাদশে নেইমারকে না দেখে অনেকে অবাকও হয়েছেন। যদিও দুঙ্গা কোনো ব্যাখ্যা দেননি। এটা কি নেইমারকে শাস্তিই দেওয়া হলো, নাকি সতর্কতার জন্যই বসিয়ে রাখা হলো ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত?
নেইমারকে ছাড়াই অবশ্য হাল্কের একমাত্র গোলে প্রীতি ম্যাচটা জিতেছে ব্রাজিল।
জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে গেছেন নেইমার। মাত্র ২৩ বছর বয়সেই ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতার সেরা পাঁচে। ৬৬ ম্যাচে ৪৪ গোল করা নেইমারের জন্য একাদশের বাইরে বসে থাকার অভিজ্ঞতা বিরলই। কাল ম্যাচ শেষে বার্সা ফরোয়ার্ডও বলেছেন, ‘বেঞ্চে বসে থাকায় আমি অভ্যস্ত নই। অভ্যস্ত হওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। আমি খেলতে চাই। প্রথম একাদশে থাকার জন্যই সব সময় পরিশ্রম করি।’
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরও একটি ম্যাচ আছে ব্রাজিলের। আগামী মাসে বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে এটাই ব্রাজিলের শেষ ম্যাচ। অবশ্য কোপার নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুটো ম্যাচ খেলতে পারবেন না নেইমার। ব্রাজিল দলে নেইমারের না খেলায় বার্সা স্বস্তি পেতে পারে দলের অন্যতম তারকার বাড়তি বিশ্রামে, কিন্তু নেইমার নিজেই যে অতৃপ্ত!