বেঞ্চ থেকে মাঠে আসতে ২ হাজার ১৯০ দিন!

২২ সেপ্টেম্বর ২০১০। লিগ কাপে নিউক্যাসলের মুখোমুখি চেলসি। দিনটা নাথানিয়েল শালোবাহর কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। মাত্র ১৫ বছর বয়সেই যে সেদিন চেলসি দলে সুযোগ পেয়েছিলেন। যদিও সেটি মূল একাদশে নয়, মাঠেও নামা হয়নি তাঁর। নিউক্যাসলের বিপক্ষে সেদিন চেলসির বেঞ্চে বসে ছিলেন সিয়েরা লিওনে জন্ম নেওয়া এই ইংলিশ তরুণ। কিন্তু ১৫ বছরের এক কিশোরের জন্য এ-ই বা কম কী! এই বয়সেই বেঞ্চে, সেখান থেকে চেলসির জার্সিতে মাঠে নামতে আর কত দিনই বা লাগার কথা!
বেশি নয়, ‘মাত্র’ ২ হাজার ১৯০ দিন লেগেছে শালোবাহর! সেই যে চেলসির বেঞ্চে বসেছিলেন, সেখান থেকে চেলসির মূল দলের হয়ে মাঠে নামতে শালোবাহর লেগেছে পাক্কা ছয় বছর! একটা রেকর্ডও হয়ে গেছে, বেঞ্চে সুযোগ পাওয়ার চেলসির সিনিয়র দলে অভিষেকের জন্য এর চেয়ে বেশি সময় আর কারও লাগেনি। এর আগের রেকর্ডটা ছিল গোলকিপার নিক কোলগানের। ১৯৯২ সালে এই গোলকিপার সুযোগ পেয়েছিলেন চেলসির বেঞ্চে, সেখান থেকে মূল দলের হয়ে মাঠে নামতে তাঁর সময় লেগেছিল ১ হাজার ৬৫৬ দিন! মাঝের সময়টা ধারে খেলেছেন বিভিন্ন ক্লাবে।
শালোবাহর গল্পটাও একই। ২০১২ সালে ওয়াটফোর্ডে ধারে গিয়ে শুরু, এরপর নটিংহাম ফরেস্ট, মিডলসব্রো, বার্নলি, রিডিংয়ের মতো ইংল্যান্ডের নিচু বিভাগের দলগুলোর পর ধারে গত বছর খেলেছেন ইতালির নাপোলিতেও। এর মধ্যে ইংল্যান্ডের প্রতিটি বয়সভিত্তিক দলেও খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
এই বছরই আবার চেলসিতে ফিরে এসেছেন। এমনিতে মাতিচ-কান্তে-ফ্যাব্রিগাসদের ভিড়ে চেলসির মিডফিল্ডে সুযোগ মেলা কঠিনই। তবে আন্তোনিও কন্তে কোচ হয়ে আসার পর চেলসিতে তরুণদের সুযোগ মিলছে বেশ। কাল লিগ কাপে লেস্টারের বিপক্ষে সুযোগ পেয়ে গেলেন শালোবাহও। দ্বিতীয়ার্ধে মিচি বাৎশুয়াইর বদলি হিসেবে নেমেছেন মাঠে।
অনেক অপেক্ষার ফলটাও অনেক মধুর হলো ২১ বছর বয়সী মিডফিল্ডারের। ‘অভিষেক’টা হলো দুর্দান্ত। গত মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টারের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৪-২ গোলে জিতেছে চেলসি। সূত্র : গোলডটকম।