বেঞ্চেও জায়গা হতো না নেইমারের!
রোনালদিনহোর চোখে তিনি আগামী দিনের বিশ্বসেরা। কাকাও তাঁর মধ্যে দেখছেন, এক কিংবদন্তির বেড়ে ওঠা। তিনি নেইমার। এই সময়ের ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সবচেয়ে বড় তারকা।
রোনালদিনহো-কাকারা নেইমারের ঠিক আগের প্রজন্ম। তবে আরেকটু পেছনের প্রজন্ম যাঁরা, তাঁদের একজন গারসন কিন্তু এতটা উচ্ছ্বসিত নন তাঁর উত্তরসূরিকে নিয়ে। ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিল মিডফিল্ডার যেমন মনে করেন, তাঁদের দলে নেইমারের জায়গাই হতো না। একাদশে তো নয়ই, বেঞ্চেও নয়!
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল মনে করা হয় ’৭০-এর ব্রাজিলকে। কারও কারও মতে, সর্বকালের সেরাই। কার্লোস আলবার্তো তোরেসের নেতৃত্বে সেই দলে খেলেছেন পেলে, রিভেলিনো, টোস্টাও, জেয়ারিজনহো, গারসনের মতো কিংবদন্তিরা। ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে ১৯৭০ বিশ্বকাপ জেতা সেই দলে জায়গা পেতেন এই সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার? ৪ গোলের একটি যিনি করেছিলেন, সেই গারসন উড়িয়ে দিলেন সেই সম্ভাবনা, ‘ওই দলে নেইমারের জায়গাই হতো না। কার বদলে খেলবে সে? সে তো রিভেলিনোর জায়গা নিতে পারত না। পেলের জায়গাও না। টোস্টাওয়ের বদলে খেলবে, নাকি জেয়ারজিনহোর বদলে? এমনকি মিডফিল্ডেও ওর জন্য কোনো জায়গা নেই।’
তাহলে আর কী, বেঞ্চেই বসে থাকতে হতো নেইমারকে? কিংবদন্তি ওই ব্রাজিল দলটার ‘দ্য ব্রেন’খ্যাত গারসন সেই সম্ভাবনাও দেখেন না, ‘আমাদের বেঞ্চে কাজু ছিল, অবিশ্বাস্য প্রতিভা। মিডফিল্ডে এবং ১০ নম্বর হিসেবে সে অনেক খেলেছে। এমন দারুণ প্রতিভা ছিল যে, যেখানেই খেলানো হতো দুর্দান্ত খেলত। ওর মতো একজন ছিল আমাদের বদলি খেলোয়াড়। সুতরাং আমার মনে হয় না, নেইমার ওই দলের বেঞ্চেও জায়গা পেত!’ গোলডটকম।