বেঞ্চের বিশ্বসেরা ইসকো!

বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি? আহা! কে না চায় সেটি?
সব মিলিয়ে বিশ্বসেরা না হলেও বিশ্বসেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার বা স্ট্রাইকার হতে পারাও তো কম নয়। একটি শ্রেণিতেই হোক, তবু বিশ্বের ‘সেরা’ বলে কথা! কিন্তু এমন ‘বিশ্বসেরা’র স্বীকৃতি পেয়েও সম্ভবত খুশি হবেন না ইসকো। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারকে যে বলা হচ্ছে বেঞ্চে থাকা খেলোয়াড়দের মধ্যে সেরা!
এটি নিয়ে আলোচনা বেশি হচ্ছে পরশু ইসকোর দুর্দান্ত পারফরম্যান্সের পর। রোনালদো-বেল-বেনজেমাসহ নিয়মিত একাদশের প্রায় সবাইকে ছাড়াই স্পোর্টিং গিজনের মাঠে খেলতে নেমেছিল রিয়াল। তাতে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। জয়ের নায়ক? ইসকো। দুর্দান্ত খেলেছেন, গোলও করেছেন দুটি, দ্বিতীয়টি আবার ৯০ মিনিটে দলের জয়সূচক গোল।
একটু দুর্ভাগাই বলতে হবে ইসকোকে। নিঃসংশয়ে বলে দেওয়া যায়, বিশ্বের প্রায় সব দলই ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে চাইবে। এমনকি রিয়ালেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও ইদানীং প্রকট হয়ে ওঠা মিডফিল্ডের দুর্বলতা ঢাকতে তাঁকেই দেখছে সমাধান হিসেবে। অথচ মডরিচ-ক্রুস-কাসেমিরোদের দাপটে সেই ইসকোরই রিয়ালের মিডফিল্ডে নিয়মিত সুযোগ মেলে না! ক্লাবের সঙ্গে চুক্তিও শেষ হয়ে যাচ্ছে আগামী মৌসুমে। তাঁকে পেতে আগ্রহী অনেক ক্লাবের নাম মিলিয়ে দলবদলের গুঞ্জন তাই প্রতিদিনই শোনা যায়। ইসকো নিজেও খেলার সুযোগ না পাওয়ায় দৃশ্যত হতাশ।
এই মৌসুমে যা সুযোগ পেয়েছেন রিয়ালে, বেশির ভাগই হয় বদলি হিসেবে, নতুবা ‘প্রথম একাদশে’র খেলোয়াড়েরা বিশ্রাম-চোটের কারণে বাইরে থাকলে। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন, ভালোই খেলেছেন। পরশুও যেমন চোখজুড়ানো ড্রিবলিং আর বুদ্ধিদীপ্ত পাসিংয়ে মুগ্ধ করেছেন। রিয়ালের প্রথম ও তৃতীয় গোলটিও করেছেন। প্রথমটি বক্সে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে, রিয়ালের জয়সূচক গোলটি ২০ গজ দূর থেকে মাটি কামড়ানো শটে।
পরশু ম্যাচ শেষে রিয়াল কোচ জিদানের কথায় ইঙ্গিত, ‘প্রথম’ একাদশের দাবিটাও জোরালো হচ্ছে ইসকোর, ‘আপনারা জানেন ইসকোর ব্যাপারে আমার ভাবনা কী। ও আমার পছন্দের একজন খেলোয়াড় আর এই ক্লাবটাই ওর জায়গা। ও অসাধারণ খেলেছে আজ, আমাদের জিতিয়েছে।’ আর ইসকোকে যে একাদশে সুযোগ দিতে পারছেন না সে ব্যাপারে ফ্রেঞ্চ কিংবদন্তির ভাষ্য, ‘এখানে ২৪ জন খেলোয়াড় আছে। এদের মধ্যে যারা একাদশে সুযোগ পায় না, সবার জন্যই ব্যাপারটা বেদনাদায়ক!’
ইসকোও পরশুর পারফরম্যান্সের পর মাদ্রিদে নিজের ভবিষ্যৎ যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন, ‘বিশ্বের সেরা ক্লাবে আছি। মাদ্রিদের চেয়ে বড় কোনো দল নেই। নিজেকে ভাগ্যবানই মনে হয়। এখানে দীর্ঘদিন থাকতে চাই।’ এএফপি।