বেঞ্চের শক্তিতে ছয় গোলের রোমাঞ্চ জিতল ইউনাইটেড

ফ্রেডের গোলে স্বস্তি পায় ইউনাইটেডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ২০১৮ সালে। ইংলিশ প্রিমিয়ার লিগে আগের তিন মৌসুমে ৭৬ ম্যাচ খেলে পেয়েছিলেন ২ গোল।

আজ ৬৭ মিনিটে বদলি হয়ে নামার পর প্রিমিয়ার লিগের এ মৌসুমে ২০ ম্যাচেও পেয়েছেন মাত্র ২ গোল। কিন্তু মাঠে নামার তিন মিনিট পরই ফ্রেডের করা গোলে তাঁর বাজে ফর্ম ভুলে যেতে পারেন ইউনাইটেড সমর্থকেরা।

এলান্ড রোড থেকে আজ ইউনাইটেডের ৪-২ গোলে জয়ের নেপথ্যে প্রেরণা যে ফ্রেড!

পাঁচ গোলের রোমাঞ্চকর এ ম্যাচে প্রতিপক্ষে ছিল মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেড। আর্জেন্টাইন কোচের অধীনে এবার ভালো করতে পারছে না দলটি। কিন্তু ২-০ ব্যবধানে পিছিয়ে প্রথমার্ধ শেষ করার পর মাত্র ২ মিনিটের মধ্যে দুই গোল করে সমতায় ফেরে লিডস।

২-২ গোলে সমতায় থাকা ম্যাচের ৭০ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন ফ্রেড। এরপর লিডস আর লড়াই চালিয়ে যেতে পারেনি। উল্টো নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে অ্যান্থনি এলাঙ্গার গোলে জয়ের ব্যবধান আরও বাড়ায় রালফ রাংনিকের দল।

লিডসের মাঠে সমর্থকদের ছুড়ে মারা মুদ্রায় আঘাত পেয়ে মাঠেই পড়ে যান এলাঙ্গা। পরে গোল করেন তিনি
ছবি: এএফপি

ক্রিস্টিয়ানো রোনালদোকে একাদশে রেখেই দল সাজান রাংনিক। পর্তুগিজ তারকাকে দেখে লিডসের বর্ষীয়ান সমর্থকেরা নস্টালজিয়ায় ভুগতে পারেন। প্রিমিয়ার লিগে আজকের আগে রোনালদো সবশেষ লিডসের মুখোমুখি হয়েছিলেন ১৮ বছর ১২৫ দিন আগে। প্রিমিয়ার লিগে কোনো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ খেলার মাঝে এটাই সর্বোচ্চ সময় বিরতির রেকর্ড।

সে যাই হোক, লিডসের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। তবু প্রথমার্ধ শেষে ইউনাইটেডের নিয়ন্ত্রণে ছিল ম্যাচের ভাগ্য।

৩৪ মিনিটে লুক শ-র কর্নার থেকে হেডে ইউনাইটেডকে এগিয়ে দেন হ্যারি ম্যাগুয়ার। প্রথমার্ধের যোগ করা সময়ে জ্যাডন সানচোর ক্রস থেকে আরেকটি হেডে ব্যবধান ২-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। ডাগ আউটে তখন অস্থির পায়চারি করছিলেন লিডস কোচ বিয়েলসা। হয়তো বিরতির পর ম্যাচে ফেরার পথ খুঁজছিলেন।

গোল পেয়েছেন হ্যারি ম্যাগুয়ার
ছবি: এএফপি

৫৩ ও ৫৪ মিনিটে সেই পথ পেয়েও যান বিয়েলসা। ৫৩ মিনিটে রদ্রিগোর ক্রস ইউনাইটেড গোলকিপার ডেভিড দে হেয়াকে ফাঁকি দিয়ে সরাসরি ঢুকে পড়ে জালে। পরের মিনিটেই ড্যানিয়েল জেমসের ক্রস থেকে গোল করে লিডসকে সমতায় ফেরান বদলি হয়ে নামা রাফিনহা।

দুই গোলে এগিয়ে থেকেও এক মিনিটের ব্যবধানে পয়েন্ট ভাগাভাগির পর্যায়ে নেমে আসায় চিন্তায় পড়ে যান ইউনাইটেড কোচ রাংনিক। পল পগবা ও জেসে লিনগার্ডকে তুলে ফ্রেড ও এলাঙ্গাকে মাঠে নামানোটা তাঁর ‘মাস্টার স্ট্রোক।’

বৃষ্টির মধ্যে রোমাঞ্চের পসরা সাজানো এ ম্যাচের ৭০ মিনিটে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাসটি দেন সানচো। বক্সে তাঁর পাস থেকে গোল করে ইউনাইটেডকে আবারও এগিয়ে দিয়ে স্বস্তি ফিরিয়ে আনেন ফ্রেড।

রক্ষণে না তাকিয়ে উন্মুক্ত ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে ওঠার মাশুল গুণে গোলটি হজম করে বিয়েলসার লিডস। পিছিয়ে পড়ার পর স্বাগতিকেরা আর ঘুরে দাঁড়াতে পারে। ৮৮ মিনিটে ফার্নান্দেজের পাস থেকে ম্যাচের শেষ গোলটি করেন এলাঙ্গা।

এই জয়ে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চারে রইল ইউনাইটেড। ২৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫তম লিডস।

বুন্দেসলিগায় গ্রুটারকে ৪–১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ জয়ে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বায়ার্ন।