বেতন আদায়ে বাফুফের দুয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারুফুল হক
মারুফুল হক

জাতীয় দলের নতুন কোচ অ্যান্ড্রু ওর্ডের সঙ্গে আজ এক বছরের চুক্তি করবে বাফুফে। চুক্তির বড় শর্ত হলো, অগ্রিম ৩০ হাজার ডলার দিতে হবে। সেই টাকার আপাত একটা ব্যবস্থাও নাকি হয়েছে। ৩৭ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান তরুণ কোচের মাসিক বেতন থেকে পরে তা সমন্বয় করা হবে।

ওর্ডের বেতন মাসে ১২ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১০ লাখ টাকা। ‘গরিব ফেডারেশনে’ ওর্ডকে নিয়ে এখন বিদেশি কোচ হলেন চারজন। একজন টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর যোগ করলে সংখ্যাটা পাঁচ। এই পাঁচ বিদেশির বেতনই মাসে ৩৫ হাজার ডলারের ওপরে। থাকা-খাওয়া যাতায়াতসহ অন্য সব খরচ তো আছেই। অঙ্কটা মাসে ৫০ হাজার ডলারে গিয়ে ঠেকছে।

কিন্তু মজার ব্যাপার, ওর্ডকে যখন কড়কড়ে ডলার দেওয়া হচ্ছে, তখন পাওনা বেতনের জন্য বাফুফের দুয়ারে দুয়ারে ঘুরছেন দেশের স্বনামধন্য কোচ মারুফুল হক! দেড় বছর আগে জাতীয় দলকে দুই মাস কোচিং করিয়ে এক মাসের টাকা পেলেও আরেক মাসের টাকা এখনো পাননি বলে মারুফ কাল অভিযোগ করেছেন প্রথম আলোর কাছে।

বর্তমানে আরামবাগের কোচ মারুফ জাতীয় দলের কোচ হিসেবে ২০১৫ সালের ২২ নভেম্বর দায়িত্ব নিয়েছিলেন। ভারতের কেরালায় সাফ ফুটবল শেষে ২০১৬ সালের ২০ জানুয়ারি দায়িত্ব ছেড়েছেন। দুই মাসের এই পর্বটা তাঁর জন্য সুখের ছিল না। আগের দুটি সাফের ধারাবাহিকতায় কেরালা সাফেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।

এরপর জাতীয় দলে দুজন বিদেশি কোচ এসেছেন। আর এত দিন পর বড় একটা প্রশ্ন তুলে দিয়েছেন মারুফ, ‘বেতন না পাওয়ার ব্যাপারটা এত দিন আমি কাউকে বলিনি। ভেবেছি, ফেডারেশন দিয়ে দেবে। কিন্তু দেড় বছর অপেক্ষা করেও পেলাম না। বাফুফে বিদেশি কোচ আনছে আনুক। কিন্তু আমার টাকাটা দেবে না কেন?’

এই প্রশ্নের উত্তর পেতে কয়েকবারই নাকি বাফুফের সদর দপ্তরের কড়া নেড়েছেন। তাঁর কথা, ‘ফেডারেশনে অনেক ঘোরাঘুরি করেছি। মৌখিকভাবে বলেছি। কিন্তু কাজ হয়নি। অবশেষে সাত দিনের সময় দিয়ে দিন দশেক আগে ফেডারেশনকে চিঠি দিয়েছি আমার পাওনা এক মাসের বেতনের টাকা দিতে (পাঁচ লাখ টাকা)। কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও কোনো সাড়া পেলাম না।’

মারুফের ক্ষোভ যতটা বেতন না পেয়ে, তার চেয়ে বেশি নাকি বাফুফের নীরবতায়, ‘তারা বিষয়টা নিয়ে ড্যাম কেয়ার ভাব দেখাচ্ছে। ফেডারেশনে আমি জেনারেল সেক্রেটারির সঙ্গে দেখা করতে গেছি, কিন্তু জেনারেল সেক্রেটারি পিয়ন দিয়ে বলেন, তিনি নাকি মিটিংয়ে আছেন। অথচ মিটিংয়ে নয়, একা রুমে বসে ছিলেন। এসব দেখে খুব হতাশ হয়েছি।’ এসব নিয়ে বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।