বেতন দিতে পারছে না চীনের ক্লাবগুলো!
‘ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট!’ চীনের ক্লাবগুলোর আসল চেহারা তাহলে এ রকম? কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করে কার্লোস তেভেজ, অস্কারদের মতো তারকা ফুটবলারদের কিনে নিয়ে গেছে তারা। অর্থের থলে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনিদের দিকে পর্যন্ত হাত বাড়িয়েছে। অথচ এই ক্লাবগুলোই কিনা এখন খেলোয়াড়দের বেতন-বোনাসই দিতে পারছে না!
সম্প্রতি চীনের ফুটবল অ্যাসোসিয়েশনকে (সিএফএ) একটি চিঠি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তাতেই বেরিয়ে এসেছে চীনের ১৮টি ক্লাবের এই দুর্দশার খবর। এর মধ্যে আছে চায়নিজ সুপার লিগের (সিএসএল) কিছু ক্লাবও। এই ক্লাবগুলো খেলোয়াড়দের বেতন-ভাতা দিতে পারছে না, পরিশোধ করতে পারছে না কর।
এএফসির চিঠিতে উঠে এসেছে সাংহাই শেনহুয়া, সাংহাই এসআইপিজি, জিয়াংসু সুনিং, হেবেই চায়না ফরচুন, গুয়াংজু এভারগ্রান্দের মতো বড় ক্লাবগুলোর নাম। এ বছরই আর্জেন্টাইন তারকা তেভেজকে কিনেছে সাংহাই শেনহুয়া। বোকা জুনিয়র্স থেকে তাঁকে নেওয়ার সময় খবর এসেছিল, তেভেজের সাপ্তাহিক বেতন ৬ লাখ ১৫ হাজার পাউন্ড। হেবেই চায়না ফরচুন আরেক আর্জেন্টাইন তারকা এজেকিয়েল লাভেজ্জিকে দলে টেনেছিল রেকর্ড বেতনে। ব্রাজিলের অস্কার ও হাল্ক আর পর্তুগালের রিকার্ডো কারভালহো খেলেন সাংহাই শেনহুয়াতে। ব্রাজিলের মিডফিল্ডার পাওলিনহোর ঠিকানা সিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্রান্দে, যেটির কোচ আবার ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো লুইস ফেলিপে স্কলারি।
এএফসির চিঠি পাওয়ার পর সিএফএ ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছে, ১৬ আগস্টের মধ্যে সমস্যার সমাধান করতে না পারলে সব ধরনের টুর্নামেন্ট থেকেই তাদের বহিষ্কার করা হবে। সিএসএলে ১৬টি দল খেলে। এর মধ্যে কেবল ইয়ানবিয়ান ফুদে, হেনান জিয়ানিয়ে ও গুয়াংজু হেংফেংয়ের আর্থিক ঝামেলা নেই। বেইজিং গুয়ান ও সাংহাই শেনহুয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
কয়েক মৌসুম ধরেই বিদেশি ফুটবলার কিনতে মরিয়া হয়ে উঠেছে চীনের ক্লাবগুলো। বিদেশি খেলোয়াড় কেনায় ক্লাবগুলোর ব্যয়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা করছে চীনের ফুটবল অ্যাসোসিয়েশন। গোল ডটকম।