বেতন না কমালে বার্সা ছাড়তে হবে মেসিকে
কার্লোস তুসকেতস তাহলে তাঁর পক্ষে আরেকজনকে পেলেন! জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালে বার্সেলোনা যেন ঠিকঠাক চলতে পারে, সে দায়িত্ব দেওয়া হয়েছে তুসকেতসকে। দায়িত্ব পেয়ে কোথায় ঘর সামলে রাখবেন, তা নয় উল্টো ঝড় তুলে দিয়েছেন তুসকেতস। বলেছেন, আর্থিক দিক থেকে মেসিকে ধরে রাখাটা বড় ভুল ছিল বার্সার।
আগামী ২৪ জানুয়ারি নির্বাচন। ক্লাবের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে আছেন অনেকে। এর মধ্যে হুয়ান লাপোর্তা তো মেসির বেতন কমানোর কথা শুনতেই রাজি নন, পারলে আরও বেশি বেতন দিতে চান সাবেক সভাপতি। আরেক সভাপতি প্রার্থী ভিক্তর ফন্তও মেসির জন্য সব ছাড় দিতে রাজি। কিন্তু এমিলি রুশো সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। সরাসরি বলেই দিয়েছেন, যদি বেতন কমাতে রাজি না হন, তাহলে মেসিকে বার্সেলোনা ছাড়তেই হবে।
মেসিকে গত দলবদলে বিক্রি করতে রাজি না হওয়ায় আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে বার্সেলোনা। মেসিকে বিক্রি করে সম্ভাব্য আয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারের জন্য সাত কোটি ইউরোর বেশি খরচটা বয়ে বেড়াতে হচ্ছে। আর মৌসুম শেষে শর্তানুযায়ী আনুগত্য ভাতাও দিতে হবে মেসিকে। সে জন্য বার্সেলোনাকে খরচ করতে হবে আরও ৩ কোটি ৩০ লাখ ইউরো।
বার্সেলোনার আর্থিক যে পরিস্থিতি, তাতে সে বোনাস কীভাবে দেওয়া হবে, সেটা নিয়ে প্রশ্ন জাগতেই পারে। তুসকেতস তো জানিয়েই দিয়েছেন, পুরো স্কোয়াড বেতন কমাতে রাজি না হলে জানুয়ারিতে কারও বেতন দেওয়াই সম্ভব হবে না বার্সার। এমনকি দেউলিয়াও ঘোষণা করতে হতে পারে। স্বস্তির বিষয়, ক্লাবের এ দুর্দশায় বেতন কমানোর ক্ষেত্রে সবার মধ্যেই ইতিবাচক সাড়া দেখা গেছে।
আগামী নির্বাচন উপলক্ষে বোর্ডের সদস্যদের ভোট আদায় করতে সব প্রার্থীই একটি পথ বেছে নিয়েছেন। আর সেটা হলো মেসিকে তুষ্ট করে ক্লাবে ধরে রাখবেন কীভাবে, সে উপায় বাতলানো। এর জন্য মেসির বেতন কমানোর বিষয় নিয়ে তাঁরা আলোচনা করছেনই না। অপ্রিয় বিষয় নিয়ে কথা বলে ভোটারদের বিরাগভাজন হতে চান না কেউই।
এদিক থেকে নিজেকে ব্যতিক্রম প্রমাণ করলেন রুশো। সংবাদমাধ্যম এআরএকে বলেছেন, ‘আমাদের মেসির সঙ্গে বসতে হবে এবং বেতন কমাতে রাজি করাতে হবে। এখন যে অবস্থা আছে (মেসির বেতনের অঙ্ক), সেটা ধরে রাখা সম্ভব নয়। তাঁকে ক্লাবের জন্য এ ত্যাগ স্বীকার করতে বলব। যদি একমত হতে না পারি, তবে মেসি ক্লাব ছাড়বেন।’
অন্য সবাই যেখানে ভোট পাওয়ার জন্য মেসিকে কেন্দ্র করে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন, সেখানে রুশো বলছেন বেতন না কমালে মেসিকে ছেড়ে দিতে হবে! ক্লাব কিংবদন্তির সঙ্গে এমন আচরণ সদস্যরা মানতে পারবেন? রুশো অবশ্য নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তাঁর চোখে ব্যক্তির চেয়ে ক্লাব বড়। একজন কিংবদন্তিকে ধরে রাখার চেয়ে দেউলিয়া হওয়া ঠেকানো তাঁর কাছে বেশি গুরুত্ব পাচ্ছে, ‘ক্লাবের ইতিহাসের সবচেয়ে সুন্দর পৃষ্ঠাগুলো যোগ করেছেন মেসি। কিংবদন্তিদের সম্মান করতেই হবে, কিন্তু বাস্তবতাও মানতে হবে। পরিস্থিতি যেমন, সেভাবেই বর্ণনা করতে পছন্দ করি আমি। ক্লাবের সদস্যদের তো বোকা বানাতে পারি না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন মেসি থাকেন, কিন্তু ক্লাবের ভালোটাই আগে দেখা হবে।’
গতকালই বার্সেলোনাকে উদ্ধার করেছেন মেসি। লেভান্তের বিপক্ষে তাঁর গোলেই জয় পেয়েছে বার্সেলোনা। দুই ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে ৯ পয়েন্ট পিছিয়ে বার্সা। পরিস্থিতি যখন একটু স্বাভাবিক হচ্ছিল, তখনই আবার নতুন ঝড় তুললেন রুশো।